প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের অন্ধকারে দুর্গাপুরের (Durgapur) বিজেপির দলীয় কার্যালয়ে হামলা দুষ্কৃতীদের। পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হল রাস্তায়। প্রমাণ লোপাট করার জন্য আবার রাস্তার সিসিটিভি ফুটেজের তার কেটে দেওয়ার অভিযোগও (Durgapur BJP Office Attack) উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। শাসকদলের কর্মীদের দাবি এই ঘটনা ইচ্ছে করে ঘটিয়েছে তৃণমূলের লোকেরা। তদন্তে নেমেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে গান্ধী মোড়ের কাছে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করে বেশ কয়েকজন দুষ্কৃতী। পতাকা, ফেস্টুন ছেঁড়ার পাশাপাশি সামনের ল্যাম্প পোস্টে থাকা সিসিটিভি ক্যামেরার তারও ছিঁড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই বিজেপি কর্মীরা ছুটে আসে কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা বেরিয়ে যায়। এদিকে পুলিশে খবর দেওয়া হলে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি তোলে বিজেপি কর্মীরা।
কী বলছেন বিজেপির মুখপাত্র?
বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানিয়েছেন, “ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় ক্রমাগত ভারতীয় জনতা পার্টির পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রীর ব্যানারও ছিঁড়ে ফেলা হচ্ছে। দুষ্কৃতীদের লক্ষ্য ছিল পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া। তবে যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাঁদেরকে সাবধান হয়ে যেতে বলছি। এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি সঠিক তদন্তের মাধ্যমে দেখুন কে বা কারা এই ঘটনার পিছনে আছে। নইলে আমরা ভবিষ্যতে এই ঘটনা ঘটলে আর চুপ করে বসে থাকব না।” তবে অভিযোগের আঙুল যে বারংবার তৃণমূলের দিকে যাচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে গ্রেফতার মালদার যুবক, তদন্তে উঠে এল আরেক কাণ্ড
রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপি সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তিনি দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর দাবি, “কার্যালয়ে হামলার পাশাপাশি নেতৃত্বের ছবি নষ্ট করা হয়েছে। আমরা জানতে চাই কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, যদিও পুলিশ সমস্তটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।” তবে এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










