সৌভিক মুখার্জী, কলকাতা: বিতর্কিত ইসলামিক ধর্ম প্রচারক জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ-র (Zakir Naik IRF) উপর এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে দিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ আইন বা ইউএপিএ-র আওতায় এই সংস্থাটিকে ফের বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগের নিষেধাজ্ঞা ১৪ নভেম্বর ২০২৬-এ শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই কেন্দ্রের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সংস্থাটির বেআইনি কার্যকলাপ রুখতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হচ্ছে।
কেন বাড়ানো হল নিষেধাজ্ঞার মেয়াদ?
স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি গুরুতর কারণ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তির প্রথমেই বলা হয়েছে যে আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডঃ জাকির আব্দুল করিম নায়েক ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ, শত্রুতা আর বিদ্বেষ ছড়াতে অনুগামীদের উৎসাহিত এবং সাহায্য করে আসছেন দিনের পর দিন। এটি দেশের অখণ্ডতা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এছাড়া মন্ত্রকের তরফ থেকে জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য এবং ভাষণকে ‘আপত্তিকর’ ও ‘ধ্বংসাত্মক’ বলেই অভিহিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, এই ভাষণগুলি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানোর পাশাপাশি ভারত আর বিদেশের যুবকদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে অনুপ্রাণিত করছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাকির নায়েক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে উগ্রপন্থী বক্তব্য এবং ভাষণ পৌঁছে দিচ্ছেন।
Ministry of Home Affairs has extended the ban on the Islamic Research Foundation (IRF) as an unlawful association for a period of another five years. https://t.co/alnKyj0VnI
— ANI (@ANI) November 13, 2026
আরও পড়ুন: একধাক্কায় অনেকটা কমে গেল সোনা, রুপোর দাম! দেখুন আজকের রেট
প্রসঙ্গত, মুম্বাইতে জন্মগ্রহণকারী জাকির নায়েক ২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের ঢাকার একটি ক্যাফেতে বোমা হামলার ঘটনার পর ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি পিস টিভি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন। আর এইসব প্ল্যাটফর্মে তাঁর অনুগামীর সংখ্যা আনুমানিক ২ কোটির বেশি। কেন্দ্রের মতে, আইআরএফ-র বেআইনি কার্যকলাপ অবিলম্বে নিয়ন্ত্রণ এবং দমন না করা হলে সংস্থাটি আরও দেশবিরোধী মনোভাব প্রচার করার সুযোগ পাবে। সেই আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










