প্রীতি পোদ্দার, কলকাতা: নকল বন্দুক (Fake Gun) দেখিয়ে স্টান্টবাজি! শুধু তাই নয়, ওই বন্দুক হাতে নিয়ে একের পর এক ছবি ও পোস্ট সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করছিলেন মালদার (Malda) এক যুবক। এবার এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি করায় সেই যুবককে পাকড়াও করল মালদা জেলা পুলিশ। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হল এলাকায়।
আটক যুবক
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, অভিজিৎ ভুঁইমালি ওরফে বাপন নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করেছিল। যেটি দেখতে অবিকল আসল আগ্নেয়াস্ত্রের মতো। শুধু তাই নয়, লোহার তৈরি বিশেষ নকল কার্তুজ ব্যবহার করে গুলি ছোড়ার মতো শব্দের পাশাপাশি আগুনের ঝলকও দেখা যায়। আর তাতেই এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি হয়। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে, এরপর সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে আটক করে মালদা জেলা পুলিশ।
কী বলছে মালদা জেলা পুলিশ?
নকল বন্দুক কাণ্ডের এই ঘটনায় পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও বিভ্রান্তিকর পোস্ট কখনোই করা উচিত নয়। অভিযুক্ত যুবক সেই নিয়ম অমান্য করেছেন এবং এলাকাবাসীর মনে ভয়ের আতঙ্ক তৈরি করেছে। তাই এর বিরুদ্ধে মালদা জেলা পুলিশ কড়া পদক্ষেপ করছে। সকলের উদ্দেশ্যে মালদা জেলা পুলিশ এই জানিয়েছেন যে, “সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং আপত্তিকর বিষয়বস্তু প্রচারে বিরত থাকা ও সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকুন।” অর্থাৎ কোনো পোস্ট যাচাই না করে সেটি ছড়িয়ে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৪৩ টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র! ডিজেলের দামবৃদ্ধি নিয়ে বড় তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর
এর আগে চলতি বছর দুর্গাপুজোর সময় চোরবাগানকাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগ ওঠায় কোচবিহার থেকে গ্রেফতার করা হয়েছিল এক যুবককে। আইনুল হক নামে ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারায় মামলা রুজুও করা হয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক ধারণা ছিল এই ঘটনার সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। তাই পুলিশের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনও ধরনের ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।










