‘শোভনদেব বিরোধী দলনেতা না হলে কেন ছবি তুললেন মুখ্যমন্ত্রী?’ প্রশ্ন হাইকোর্টের

Published:

Sovandeb Chattopadhyay

সৌভিক মুখার্জী, কলকাতা: শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তেই ভেঙে চুরমার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সই জালিয়াতি কাণ্ডকে ঘিরেই হয় বিতর্কের সূত্রপাত। আর তারপরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৈরি হয় নতুন তৃণমূল। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে প্রথমবার চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেছিলেন শোভনদেব। তাঁরা দু’জনে মিলেই স্পিকারকে চেয়ারে বসান। সেই সূত্রে এবার হাইকোর্টের প্রশ্ন, শোভনদেব চট্টোপাধ্যায় যদি বিরোধী দলনেতা না হন, তাহলে তাঁর সঙ্গে ছবি কেন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?

শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে নয়া বিতর্ক হাইকোর্টে

এবারের বিধানসভা নির্বাচনে এমনিতেই ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। তবে যে কয়জন বিধায়ক ছিলেন, তাঁদের সমর্থনেই বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। সেখান থেকেই তৈরি হয় বিতর্ক। অভিযোগ, শোভনদেবকে বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত করার জন্য সই জালিয়াতি করা হয়েছিল। এই দাবি তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। সেখান থেকেই তৃণমূলে ভাঙন। তবে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অপজিশন অফ লিডার নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শোভনদেবের দায়ের করা মামলায় প্রশ্ন ছুড়ে দিলেন বিচারক।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে চলছিল এই মামলা। সেখানে বিচারপতির প্রশ্ন, “এটা স্পষ্ট দেখা গিয়েছে, তিনি মামলাকারীর হাত ধরে আছেন। সেটাকে তাহলে কীভাবে ব্যাখ্যা করবেন?” তবে এ বিষয়ে ঋতব্রতর আইনজীবী জানিয়েছেন, স্পিকারকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী ও শোভনদেবের হাত ধরাটা ছিল শুধুমাত্র সৌজন্য। এই সৌজন্য দেখে কখনোই মনে করা ঠিক নয় যে তিনি বিরোধী দলনেতা। আর ওই সময় বিধানসভায় আনুষ্ঠানিকভাবে কোনও বিরোধী দলনেতা নিযুক্ত ছিলেন না।

আরও পড়ুন: জাকির নায়েকের উপর আরও কড়া ভারত সরকার, নেওয়া হল বড় সিদ্ধান্ত

আইনজীবীর আরও সংযোজন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে লিডার অফ দ্য হাউস হিসেবে উপস্থিত ছিলেন। আর শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন বিধানসভার সবচেয়ে প্রবীণ বিধায়ক। নীতি মেনেই তাঁকে সঙ্গে নিয়ে স্পিকারকে চেয়ারে বসানো হয়েছিল। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত ধরে ছবি তোলা ছিল শুধুমাত্র সৌজন্যবোধ। এর সঙ্গে বিরোধী দলনেতা স্বীকৃতির কোনও সম্পর্ক নেই। যদিও বিচারপতির পাল্টা প্রশ্ন, “প্রবীণ বিধায়ককে নিয়ে কেন ছেলেখেলা করা হচ্ছে? আজ ওকে বিরোধী দলনেতা, কাল অন্য কেউ! প্রবীণ বলে কেন তাঁকে টানলেন?” এ বিষয়ে কোনও জবাব দিতে পারেননি ঋতব্রতর আইনজীবী। আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

google button