সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর ওয়ার্ড পুনর্বিন্যাস থেকে শুরু করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আর তার জেরেই কলকাতা পুরভোটের (Municipal Election) উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল রাজ্যের উচ্চ আদালত। তবে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে রাজ্যের তরফ থেকে দায়ের করা হয়েছে মামলা। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে খবর। আর এই শুনানির ওপরেই নির্ভর করছে পুরভোটের ভবিষ্যৎ।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
এবার ক্ষমতায় পালাবদলের পর পুরসভার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর সরকার। আগের সরকারের আমলে কলকাতা পুরসভার ওয়ার্ড ছিল ১৪৪। তবে এবার তা বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এ নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধীরা তুলছে আপত্তি। সেই সূত্রে সিপিএম নেত্রী দীপু দাস হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে চলতি মাসের ৬ তারিখ হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানায়, যতদিন না পর্যন্ত কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের নিষ্পত্তি হচ্ছে, ততদিন ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।
আপাতত হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে পুরভোট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে আবার শুক্রবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে রাজ্যের উচ্চ আদালতে। আর এরই মধ্যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। অভিযোগ, পুরসভা এবং পুরনিগমগুলিতে দীর্ঘদিন ধরেই হয়নি ভোট। পালাবদলের পর একাধিক পুরবোর্ড ভেঙে গিয়েছে বলেও খবর। আপাতত প্রশাসকরা সেই দায়িত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন: ফের মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, নভেম্বরের শেষ দিকেই হতে পারে পুরসভার নির্বাচন। তবে হাইকোর্টের নির্দেশের ফলে তা এখন অনিশ্চয়তার মুখে। এদিকে আবার হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা এবং হাওড়ার নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতিটি ওয়ার্ডে একজন করে কো-অর্ডিনেটর নিয়োগ করার কথা ঘোষণা করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকেই তাঁরা কাজ করবেন বলে খবর। পাশাপাশি বিজেপির লোকজনই এই কো-অর্ডিনেটর হবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আগে থেকেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে হাইকোর্টের স্থগিতাদেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। এখন এই মামলার শুনানির ওপরই নির্ভর করছে সবকিছু।










