সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি চুরি, জমি দুর্নীতি, বালি চুরিসহ একাধিক মামলায় নাম জড়িয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy)। তবে এবার মাছ ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগে সুমিতের বিরুদ্ধে দায়ের হল মামলা। জানা গিয়েছে, মাছের আড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে। সেই কারণে ফের তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত।
মাছের আড়তে হুমকি দেওয়ার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
শালবনিতে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিষেকের পিএ সুমিত রায়। এরপর বালি চুরি, চাকরি দুর্নীতিসহ একাধিক মামলায় নাম জড়িয়েছে তাঁর। তবে এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মাছের আড়তে এক ব্যবসায়ীর কাছে তোলা চাওয়ার অভিযোগ উঠল সুমিতের বিরুদ্ধে। সেই মামলার ভিত্তিতে সুমিতকে ডায়মন্ড হারবার আদালতে হাজির করানো হয় শুক্রবার। অভিযোগ, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের ওই মাছ ব্যবসায়ী অভিজিৎ দাসের কাছে তোলা দাবি করেছিলেন অভিষেকের আপ্তসহায়ক।
তবে ওই ঘটনায় সুমিত রায়সহ মোট ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী। গত ৬ আগস্ট ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে এদিন আদালতে তোলা হয় সুমিতকে। সেই সূত্রে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮, ৩৫১, ৩০৩(২), ৩২৯ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলার শুনানিতে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সুমিত রায়কে।
আরও পড়ুন: এনকাউন্টারে মেরে ফেলতে পারে পুলিশ, এবার মানবাধিকার সংগঠনের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী
এ বিষয়ে ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি জানিয়েছেন, “এটা একটা নৃশংস ধরনের ব্যক্তি ছিল। শয়তানের প্রতিমূর্তি বলা যেতে পারে। অভিষেকের ডানহাত ছিল, প্রাণ ভোমরা। অভিষেকের পুরো ডায়মন্ড হারবারে যে অরাজকতা আছে, নিষ্ঠুরতা, তোলাবাজি এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত এই সুমিত রায়।” যদিও সুমিতের আইনজীবী কিঙ্কর দাস পাল্টা দাবি করেন, “অভিজিৎ দাস বলছেন যে তাঁর একটা আড়ত আছে। সেই আড়ত থেকে দফায় দফায় কিছু টাকা চাওয়া হয়েছিল। দফায় দফায় টাকা সুমিত রায় ও সুমিতের সহযোগী যারা রয়েছে, তাদের দিয়েছে। রাজনৈতিক শত্রুতা থাকার জন্যই এই মামলাগুলি করা।”










