বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে এবার অধিনায়ক হিসেবে। হ্যাঁ, ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বৈভব নেতৃত্ব দিচ্ছেন বিহারকে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে অধিনায়ক হয়ে বিরাট কৃতিত্ব অর্জন করলেন ভারতের খুদে ক্রিকেটার। এর আগে এত কম বয়সে অধিনায়কের দায়িত্ব পাননি কেউই।
অধিনায়ক হয়ে ইতিহাস গড়লেন বৈভব
শনিবার, ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নেমেছিল বিহার। এদিন টস পর্বে বিহারের হয়ে অংশ নিতেই বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ইতিহাস লিখেছেন বৈভব সূর্যবংশী। তাও আবার সিনিয়র পর্যায়ে। তবে বড় নজির গড়লেও ব্যাট হাতে চরম ব্যর্থ হন সূর্যবংশী। এদিন 12 বলে মাত্র 18 রান করে চেতন সাকারিয়ার বলে আউট হন অধিনায়ক বৈভব।
সম্প্রতি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছিল বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই দলের অধিনায়ক করা হয়েছিল বৈভবকে। আর তাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটারের বিশ্বরেকর্ড। ভক্তরা অপেক্ষা করছিলেন ঠিক কবে অধিনায়ক হিসেবে বিহারের হয়ে মাঠে নামবেন তিনি, শনিবার সেই অপেক্ষা শেষ হতেই নতুন করে ইতিহাসের পাতায় নাম লিখলেন বিহারের ছেলে।
আরও পড়ুন: ২৪৪ রানে হার, পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে চরম লজ্জার রেকর্ড গড়ল ভারত
প্রসঙ্গত, গতবছর সাইপ্রাসের বিরুদ্ধে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন জ্যাক ভুকুসিচ। মাত্র 17 বছর 311 দিন বয়সে অধিনায়ক হয়েছিলেন তিনি। তবে শনিবার সেই রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর 232 দিন বয়সকে পুঁজি করেই বিহারের অধিনায়ক হিসেবে মাঠে নামলেন ভারতীয় দলের সবচেয়ে খুদে ক্রিকেটার। ফলে দুই নম্বরে নেমে গেলেন ভুকুসিচ। অন্যদিকে তিন নম্বরে জায়গা হল পাকিস্তানের তৈমুর আলি। তিনি আবার 2009 সালে 17 বছর 358 দিন বয়সে কোয়েট্টা বিয়ার্সকে নেতৃত্ব দিয়ে বড় নজির গড়েছিলেন।










