আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের সরকারি স্কুলগুলিতে পুজোর সময় দীর্ঘ ছুটির (Puja Holidays) চল বহুদিনের। কোনও স্কুলে প্রায় এক মাস, আবার কোথাও দেড় মাস পর্যন্ত টানা ছুটি থাকে। তবে এবার সেই দীর্ঘ ছুটিতে লাগাম টানার কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ। পুজোর ছুটিতে এতদিন স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের পঠনপাঠনে প্রভাব পড়ছে বলে মনে করছে পর্ষদ। সেই কারণেই একটানা এতদিন ছুটি না দিয়ে ছুটির সময়সীমা কমানো যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
কী ভাবছে পর্ষদ?
পর্ষদের পর্যবেক্ষণ, দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যোগাযোগ না থাকায় ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, স্কুলে ছুটি পড়ার আগে যে বিষয়গুলি তারা শিখেছে, দীর্ঘ বিরতির কারণে সেগুলিও ভুলে যাওয়ার আশঙ্কা থাকছে। ফলে স্কুল খোলার পর ফের আগের পড়াশোনার ধারায় ফিরতে পড়ুয়াদের সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে পুজোর ছুটির সময়সীমা নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এদিকে সরকারি ছুটি নিয়েও সম্প্রতি মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, ”ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।” সরকারি ছুটির ক্যালেন্ডার নিয়েও নতুন করে ভাবনাচিন্তার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও তাঁর এই মন্তব্য সামগ্রিক সরকারি ছুটি নিয়ে।
পুজোর ছুটি কমানোর ভাবনাকে সমর্থন জানিয়েছেন শিক্ষক মহলের একাংশও। এক শিক্ষকের কথায়, ”ছেলেমেয়েরা সাধারণত গরমের ছুটি এবং পুজোর ছুটিতেই একটানা অনেক দিন ছুটি পায়। একটানা ছুটিতে অবশ্যই সমস্যা রয়েছে। তবে সেটা শুধুমাত্র পুজো নয়, ভোটের সময়েও একই বিষয় ঘটছে। সেই সময়েও শিক্ষক-শিক্ষিকারা ঠিকমতো ক্লাস নিতে পারেন না। যার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষায় ব্যাঘাত ঘটে। তাই সব দিক ভাবতে হবে, শুধু এক দিক ভাবলে চলবে না।”
আরও পড়ুন: বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের পরিবারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চলল উচ্ছেদ অভিযান
সব মিলিয়ে পুজোর ছুটির দীর্ঘ সময়সীমা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে। আগামী দিনে স্কুলের ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কতদিন ছুটি কমানো হবে, কিংবা একটানা ছুটির পরিবর্তে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।










