পুরভোট থেকে অভিষেককে সরে দাঁড়ানোর পরামর্শ একদা সহযোদ্ধা মদনের

Published:

abhisekh madan

আনিষা চৌধুরী, কলকাতা: একসময় মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন মদন মিত্র। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত এই নেতা রাজ্যের ক্রীড়া ও পরিবহণ মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। দীর্ঘদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর সেই সম্পর্কের সমীকরণ এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা মদন মিত্রই (Madan Mitra) এবার অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছেন।

কী বলছেন মদন?

অভিষেককে উদ্দেশ্য করে একাধিক কটাক্ষ করেছেন মদন। তাঁর বিস্ফোরক দাবি, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব একটি গোটা দ্বীপ রয়েছে। সেখানে বিনয় মিশ্র-সহ অভিষেকের ঘনিষ্ঠ বন্ধুরা থাকেন বলেও দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, আসন্ন পুরভোটের লড়াই থেকেও অভিষেককে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন মদন। তাঁর কথায়, “এবারের পুরভোটটা ছেড়ে দিন। ২৯ সালের লোকসভা ভোটে দেখা হবে।”

এখানেই থেমে থাকেননি মদন মিত্র। অভিষেকের আমেরিকা সফর, চোখের চিকিৎসা এবং চার্টার্ড বিমানে যাতায়াত নিয়েও কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি নদী ও নদীর চর দখল এবং কোটি কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগও তুলেছেন অভিষেকের বিরুদ্ধে। মমতা ব্যানার্জিকে নিয়েও বক্তব্য রেখেছেন মদন। তাঁর দাবি, অভিষেকের কারণে দলের পুরনো সম্পর্ক ও ঘনিষ্ঠদের ভুলে যাচ্ছেন তৃণমূল নেত্রী। মদনের এই মন্তব্যকে সমর্থন করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর কথায়, “অভিষেকের কাণ্ডকারখানা মদন মিত্র আগে থেকেই জানতেন। এখন জাহাজ ডুবে গিয়েছে বলে সেখান থেকে পালাতে মদনবাবু এসব বলছেন। উনি যা বলছেন ঠিকই বলছেন।”

অন্যদিকে, মদন মিত্রের এই মন্তব্যের পালটা জবাব দিয়েছে তৃণমূল শিবির। দলের মুখপাত্র বৈশ্বানর চ্যাটার্জি কটাক্ষ করে বলেন, “উনি তো এক এক সময় এক এক মুডে থাকেন। একথা কোন সময় বলেছেন সেটা দেখতে হবে। মমতা ব্যানার্জির ছবি না থাকলে মদন মিত্র পাড়ার কাউন্সিলরও হতে পারতেন না। এখন বিজেপিকে খুশি করতে মমতা, অভিষেককে আক্রমণ করছেন। কিছুদিন আগে পর্যন্ত বলতেন, মমতা, অভিষেকই সব। একটা বাচ্চা ছেলেও বুঝছে যে উনি কেন এসব বলছেন।”

আরও পড়ুন: থানার সামনে অভিষেককে দেখেই ‘চোর চোর’ স্লোগান, ফের জনরোষের মুখে

রাজনীতিতে সম্পর্কের সমীকরণ বদলাতে যে খুব বেশি সময় লাগে না, মদন মিত্রের সাম্প্রতিক অবস্থান তারই উদাহরণ। একসময় তৃণমূলের অন্দরমহলের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা এই নেতা দলের বহু রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গী ছিলেন। ফলে দলের অন্দরমহল সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও বক্তব্য রাজনৈতিক মহলে আলাদা গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে, অভিষেককে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই মদনের এমন বিস্ফোরক মন্তব্য নতুন করে সমালোচনার ঝড় তুলেছে।

google button