সহেলি মিত্র, কলকাতা: পেনশন (Pension) নিয়ে বড় রায় দিল হাইকোর্ট। সরকারি চাকরিতে দীর্ঘদিন কাজ করার পর কর্মচারীরা সাধারণত আশা করেন যে অবসরের পর তাঁরা নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। বিশেষ করে ১০ বছর বা তার বেশি সময় চাকরি করলে পেনশনের অধিকার তৈরি হয়েছে বলে অনেকেই মনে করেন। কিন্তু চাকরি ছাড়ার ধরনও যে পেনশন পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট করে দিল মেঘালয় হাইকোর্ট। আদালত জানিয়েছে, কোনও কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তাঁর আগের চাকরির মেয়াদ পেনশনের যোগ্য পরিষেবা হিসেবে গণ্য নাও হতে পারে। অর্থাৎ, দীর্ঘদিন চাকরি করলেই যে পেনশন পাওয়া নিশ্চিত, এমনটা নয়।
পেনশন নিয়ে বড় রায় হাইকোর্টের
সম্প্রতি আসাম রাইফেলসের এক প্রাক্তন রাইফেলম্যানের দায়ের করা পেনশন সংক্রান্ত আবেদন খারিজ করতে গিয়ে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে আদালত। ওই কর্মী প্রায় ১৩ বছর আসাম রাইফেলসে কর্মরত ছিলেন। তাঁর দাবি ছিল, চাকরি থেকে তাঁকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে, কর্তৃপক্ষের বক্তব্য ছিল, তিনি নিজেই স্বেচ্ছায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিতর্কের মধ্যেই পেনশনের অধিকার নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আবেদনকারী এল. পার্লসন ১৯৮৬ সালের ৩ জানুয়ারি আসাম রাইফেলসে রাইফেলম্যান হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন সেখানে কাজ করার পর ১৯৯৯ সালের ৩০ জুন তাঁর চাকরির অবসান ঘটে। তবে কীভাবে তাঁর চাকরি শেষ হয়েছিল, তা নিয়েই তৈরি হয় বিতর্ক।
আবেদনকারীর অভিযোগ, তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এমনকী, আগে থেকে তৈরি করে রাখা একটি নথিতে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্য ছিল, তিনি স্বেচ্ছায় চাকরি ছাড়েননি। তাই দীর্ঘ প্রায় ১৩ বছরের চাকরির ভিত্তিতে তাঁর পেনশন পাওয়ার অধিকার রয়েছে।তবে আসাম রাইফেলস কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে চায়নি। তাদের বক্তব্য ছিল, ১৯৯৮ সালে আবেদনকারী নিজেই তাঁর স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অকাল অবসরের আবেদন করেছিলেন। কর্তৃপক্ষের দাবি, সেই সময় তিনি পেনশন সুবিধা পাবেন না বলেও বিষয়টি স্বীকার করেছিলেন।
আরও পড়ুন: ২৪৯ কোটি ডলার বৃদ্ধি, রেকর্ড স্পর্শ করল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
পরবর্তীকালে তিনি পেনশনের দাবি জানান। কিন্তু ২০২১ সালের নভেম্বর মাসে তাঁর সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এরপরই পেনশন পাওয়ার দাবিতে মেঘালয় হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন রাইফেলম্যান।
পেনশন নিয়ে কোন নিয়মের কথা জানাল হাইকোর্ট?
মামলাটি বিবেচনা করার সময় মেঘালয় হাইকোর্ট ১৯৭২ সালের পেনশন বিধির দুটি গুরুত্বপূর্ণ বিধান উল্লেখ করে। সেগুলি হল ৪৯(২) এবং ২৬(১) ধারা। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ৪৯(২) ধারা অনুসারে নির্দিষ্ট শর্ত পূরণ করে অন্তত ১০ বছরের যোগ্য চাকরির মেয়াদ সম্পূর্ণ করলে কোনও কর্মচারী পেনশনের জন্য বিবেচিত হতে পারেন। কিন্তু শুধু ১০ বছর বা তার বেশি সময় চাকরি করলেই পেনশন পাওয়ার অধিকার নিশ্চিত হয়ে যায় না।
অন্যদিকে, ২৬(১) ধারায় স্বেচ্ছায় পদত্যাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। এই বিধান অনুযায়ী, কোনও কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তাঁর পূর্ববর্তী চাকরির মেয়াদ বাজেয়াপ্ত বা বাতিল হয়ে যেতে পারে। ফলে সেই চাকরির সময়কাল পেনশন নির্ধারণের ক্ষেত্রে গণনা করা সম্ভব নাও হতে পারে।
১৩ বছর চাকরি করেও কেন পেনশন মিলল না?
এই মামলার মূল বিষয় ছিল আবেদনকারীর চাকরি ছাড়ার প্রকৃত কারণ এবং পদ্ধতি। তিনি দাবি করেছিলেন, তাঁকে জোর করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য ছিল, তিনি নিজের ইচ্ছাতেই অকাল অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। আদালত সংশ্লিষ্ট পেনশন বিধির ভিত্তিতে স্পষ্ট করে দেয়, স্বেচ্ছায় পদত্যাগের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির মেয়াদ পেনশনের জন্য গণনা করা যাবে না। তাই শুধুমাত্র ১৩ বছর চাকরি করার যুক্তিতে পেনশনের দাবি প্রতিষ্ঠা করা যায় না। শেষ পর্যন্ত আবেদনকারীর পেনশন সংক্রান্ত আবেদন খারিজ করে দেয় মেঘালয় হাইকোর্ট।










