নিজের বাড়ি নেই? বাড়ি তৈরি, কেনা বা ভাড়া করবেন? আড়াই লাখ টাকা দিচ্ছে সরকার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভাড়া বাড়িতে থাকেন? নিজের বাড়ি কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। নিজের স্বপ্নের বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার কাজটা সহজ করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহরী 2.0 (PMAY-U 2.0)। এই প্রকল্পের আওতায় যোগ্য শহরে বাড়ি তৈরি বা বাড়ি কেনা এমনকি বাড়ি ভাড়া নেওয়ার জন্যেও আর্থিক সাহায্য দেবে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রকল্পের জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হলে সরকারের তরফে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যায়।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প মূলত EWS, LIG এবং MIG শ্রেণির পরিবারগুলির জন্য। EWS পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকা পর্যন্ত, LIG এর ক্ষেত্রে 3 থেকে 6 লক্ষ টাকা এবং MIG এর ক্ষেত্রে 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হল, পরিবারের কোনও সদস্যের নামে দেশের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। শর্ত অনুযায়ী, স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তানদেরকেই এই প্রকল্পের আওতায় পরিবার হিসেবে ধরা হবে।

কোন কোন ক্ষেত্রে মিলতে পারে সুবিধা?

মূলত চার ক্ষেত্রে মিলতে পারে সুবিধা। প্রথমত, Beneficiary Led Construction বা BLC-এর মাধ্যমে নিজের জমিতে নতুন পাকা বাড়ি তৈরির জন্য EWS পরিবার আর্থিক সহায়তা পেতে পারে। দ্বিতীয়ত, Affordable Housing in Partnership এর আওতায় তৈরি করা সাশ্রয়ী মূল্যের বাড়ি কেনার ক্ষেত্রে যোগ্য EWS পরিবার আর্থিক সহায়তা পেতে পারে। এই দুই ক্ষেত্রেই সরকারি সহায়তা হিসেবে সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে।

এছাড়াও যাঁরা বাড়ি কিনতে পারছেন না কিন্তু বাড়ি ভাড়া করে থাকতে চান, তাঁদের সাশ্রয়ী ভাড়ার আবাসন তৈরির ব্যবস্থা থাকছে। এই সুবিধা শহুরে পরিযায়ী শ্রমিক, গৃহহীন ব্যক্তি, শিল্পশ্রমিক, কর্মরত মহিলা, নির্মাণশ্রমিক, হকার, রিকশাচালক সহ বিভিন্ন নিম্ন আয়ের মানুষদের জন্য প্রযোজ্য। মূলত EWS ও LIG পরিবারগুলিকে এই সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি পুনরায় বাড়ি কেনা বা তৈরি করার জন্য হোম লোনে সুদের ক্ষেত্রে ভর্তুকি পাওয়া যেতে পারে। এক্ষেত্রে, 2024 সালের পহেলা সেপ্টেম্বর বা তারপরে অনুমোদিত হোম লোন এই সুবিধার আওতায় আসবে।

আরও পড়ুন: বাংলাদেশ এই দুই শর্ত মানলেই হাসিনাকে ফেরাবে ভারত! বড় খবর

কীভাবে আবেদন?

এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে PMAY-U 2.0 এর নির্ধারিত পোর্টাল, কমন সার্ভিস সেন্টার, সংশ্লিষ্ট পৌরসভা অথবা শহরাঞ্চলীয় স্থানীয় সংস্থার মাধ্যমে আবেদন করা যেতে পারে। তবে প্রতিটি পরিবারই যে কোনও একটি সুবিধাই পেতে পারবেন। অর্থাৎ কোনও পরিবার যদি মনে করে দুই ক্ষেত্রেই সুবিধা পাবেন এমনটা হবে না। বলে রাখি, এই প্রকল্পটি চালু হয়েছিল 2024 সালের 17 সেপ্টেম্বর। মূলত পাঁচ বছরের জন্য অর্থাৎ 2024 থেকে 2029 সাল পর্যন্ত এটি বাস্তবায়িত হচ্ছে।

google button