আনিষা চৌধুরী, কলকাতা: সাধারণ মানুষের কথা মাথায় রেখে একের পর এক জনমুখী পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। বিশেষ করে প্রবীণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সুবিধার কথা ভেবে এবার রেশন (Ration) বণ্টন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৭৫ বছর বা তার বেশি বয়সি প্রবীণদের আর রেশন সংগ্রহ করতে দোকানে যেতে হবে না। তাঁদের বাড়িতেই পৌঁছে দেওয়া হবে সরকারি রেশন। আগামী বছর থেকে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
কী জানাচ্ছে রাজ্য সরকার?
পটনার জ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। একই অনুষ্ঠানে নতুন রেশন কার্ড রাজ্যের যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন সরকারের তরফে জানানো হয়েছে, নতুন করে প্রায় ২৩ লক্ষ ৭৫ হাজার মানুষ সরকারের রেশন কার্ড প্রকল্পের আওতায় এসেছেন। পাশাপাশি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে ৩০ দিনের মধ্যে কার্ড দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যে ২ কোটি ৯ লক্ষেরও বেশি রেশন কার্ড রয়েছে। এর মাধ্যমে প্রায় ৮ কোটি ৪৬ লক্ষ মানুষ সরকারি খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির ফলে আরও বেশি সংখ্যক দুঃস্থ ও যোগ্য পরিবার সরকারি রেশন ব্যবস্থার আওতায় আসবে। এর ফলে স্বল্পমূল্যে খাদ্যশস্য পাওয়ার সুযোগও বাড়বে।
শুধু উপভোক্তার সংখ্যা বাড়ানোই নয়, রেশন বণ্টন ব্যবস্থার পরিকাঠামো মজবুত করতেও নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ওই অনুষ্ঠানেই ১,৪৪৮ জন নবনির্বাচিত জনবণ্টন ব্যবস্থার বিক্রেতাদের হাতে রেশন দোকান পরিচালনার লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। নতুন দোকান চালু হলে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের বাড়ির কাছাকাছি রেশন পাওয়ার সুবিধা বাড়বে। ফলে খাদ্যশস্য সংগ্রহ করতে দূরে যাওয়ার ভোগান্তিও কমবে।
আরও পড়ুন: “মুখ্যমন্ত্রী বললেই আমি সঙ্গে সঙ্গে সেখানে সাড়া দেব” BJP-তে যোগ দেওয়ার প্রসঙ্গে বিস্ফোরক মমতার ভাই
এদিকে রেশন বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে স্মার্ট PDS 2.0 পোর্টাল এবং আধার-ভিত্তিক e-KYC ব্যবস্থার উপরেও জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভুয়ো রেশন কার্ড শনাক্ত করা এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকারের। সব মিলিয়ে নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তি, রেশন দোকানের সংখ্যা বৃদ্ধি এবং প্রবীণদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা, এই তিন পদক্ষেপের মাধ্যমে খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে চাইছে রাজ্য সরকার।










