অনন্যা সরকার, কলকাতা: পেট্রাপোল (Petrapole Station) ভারত-বাংলাদেশ সীমান্তের সর্বশেষ রেলওয়ে স্টেশন। শিয়ালদহ-বনগাঁ লাইনে অবস্থিত পূর্ব রেলের এই স্টেশনটি দেশভাগের পর গড়ে ওঠে। বর্তমানে এখানে স্টেশন বিল্ডিং থেকে শুরু করে স্টেশন মাস্টারের কার্যালয়, টিকিট কাউন্টার এবং যাত্রীদের বসার জায়গা পর্যন্ত রয়েছে, এমনকি আজও ট্রেন এই পথ দিয়ে চলাচল করে। অথচ, এই স্টেশনের নামে আর কোনো টিকিট বিক্রি হয় না, আর সেই সুবাদে আসে না কোনো যাত্রীও।
দীর্ঘদিন পেট্রাপোল স্টেশনে বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল
প্রায় দুই দশক ধরে এই পেট্রাপোল স্টেশন দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করত। ষাটের দশকে বরিশাল এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন নিয়মিতভাবে কলকাতা ও খুলনার মধ্যে যাত্রী পরিবহন করত। তবে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই নিয়মিত পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। এরপর মাঝেমধ্যে কিছু ট্রেন চললেও, ১৯৭৬ সালে যাত্রীবাহী পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০১ সালে এই লাইনে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর, ২০১৭ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী বন্ধন এক্সপ্রেস চালুর মাধ্যমে পুনরায় যাত্রীবাহী পরিষেবা শুরু হয় এখানে। ওই বছরের ৯ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। এরপর ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেনটি চলাচল করতে শুরু করে।
আরও পড়ুন: পুরুলিয়ার হিডেন জেম, দু’দিনের ছুটিতে ঘুরে আসুন ‘ব্লু লেক’, সৌন্দর্য দেখলে হারিয়ে যাবেন
তবে ২০২৪ সালে বাংলাদেশে অস্থিরতার সময় বন্ধন এক্সপ্রেস চলাচল স্থগিত করা হয়। ২০২৪ সালের ১৮ জুলাই ট্রেনটি শেষ যাত্রা করেছিল, এরপর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলেনি সীমান্তবর্তী পেট্রাপোল স্টেশন দিয়ে। যদিও অনিয়মিতভাবে কিছু মালবাহী ট্রেন পেট্রাপোল দিয়ে যাতায়াত করে, তবুও এই স্টেশনে কোনো টিকিট ইস্যু করা হয় না। এখানে কোনো যাত্রী নামেনও না, আবার কেউ ওঠেনও না। ফলে, সীমান্তে দাঁড়িয়ে থাকা এই স্টেশনটি কার্যত নীরব স্টেশনে পরিণত হয়েছে, এটি এমন এক জায়গা, যেখানে রেলপথ এখনও সচল থাকলেও রেলযাত্রীদের কোনো উপস্থিতি নেই।










