প্রীতি পোদ্দার, কলকাতা: বিয়ে বাড়ি হোক কিংবা যে কোনও অনুষ্ঠান, ফ্যাশনের ক্ষেত্রে আলাদাই নজর কেড়ে চলেছে রুপোর গয়না (Silver Jewellery)। তবে সমস্যা একটাই, নিয়মিত এই রুপোর গয়না ব্যবহার করলে সহজেই কালচে ছোপ পড়ে যাচ্ছে। তবে চিন্তা নেই, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রুপোর গয়নার কালচে ভাব দূর (Silver Cleaning Tips) করা যাবে নিমেষেই। কীভাবে? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
কালচে ছোপ পড়ছে গয়নায়
হাওয়া, আর্দ্রতা কিংবা পারফিউম ও সাবানের রাসায়নিক বিক্রিয়ার কারণে রুপো দ্রুত তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। বিশেষ করে শীতকাল বা বর্ষায় এই সমস্যা যেন আরও বেশি করে দেখা দেয়। তখন বাধ্য হয়ে সোনার দোকানে দৌঁড়াতে হয় ঠিক করার জন্য। কিন্তু আপনার রান্নাঘরেই রয়েছে এমন কয়েকটি উপাদান, যা দিয়ে খুব সহজেই বাড়িতে বসে পরিষ্কার করে নিতে পারবেন রুপোর গয়না। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
ভিনিগার
রুপোর গয়না চকচক করার জন্য সবচেয়ে জনপ্রিয় উপাদান হল ভিনিগার। একটি বাটিতে দু’টেবিল চামচ বেকিং সোডা ও আধ কাপ সাদা ভিনিগার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণের মধ্যে রুপোর গয়না ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। মাঝেমধ্যে মিশ্রণ থেকে গয়নাগুলো তুলে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন দেখবেন কিছুক্ষণ পর চকচক করা শুরু করবে।
অ্যালুমিনিয়াম ফয়েল
রুপোর গয়না পরিষ্কার করার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল বেশ কার্যকরী। এর জন্য একটি পাত্রে জল ফুটিয়ে তাতে এক টুকরো অ্যালুমিনিয়াম ফয়েল ফেলে দিন। এরপর ওই ফুটন্ত জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে রুপোর গয়নাগুলি জলের মধ্যে ডুবিয়ে রাখুন ২-৩ মিনিট। ফয়েলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ওই গয়নাগুলো থেকে ময়লা ও কালচে ভাব নিমেষে কেটে যাবে। এবং নিমেষেই গয়না চকচক করবে।
আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজোর নবমীতে এই কাজগুলি না করলে পড়বেন বিপদে! কী বলছে শাস্ত্র?
টমেটো কেচআপ
টমেটো কেচআপ দিয়ে খুব সহজেই রুপোর গয়না পরিষ্কার করা যায়। এর জন্য একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ টমেটো কেচআপ ঢেলে গয়নাগুলো ওর মধ্যে দিয়ে এবার পুরনো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। দেখবেন কালচে দাগ নিমেষে উঠে যাবে। তারপর গয়নাটা ভালো করে ধুয়ে নেবেন।
সার্ফ
সার্ফের জলেও রুপোর গয়না সুন্দর পরিষ্কার করা যাবে। এর জন্য হালকা গরম জলে সার্ফ গুলে তাতে দশ মিনিট গয়নাগুলি চুবিয়ে রাখতে হবে। তারপর হালকাভাবে ঘষে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর শুকনো তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিলেই ঝকঝক করবে রুপোর গয়নাটা।










