আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমানে গোটা বিশ্বের কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ব্যক্তিগত কথাবার্তা থেকে শুরু করে অফিসের কাজ, ছবি, ভিডিয়ো কিংবা গুরুত্বপূর্ণ নথি আদানপ্রদান, সব ক্ষেত্রেই এই মেসেজিং অ্যাপের ব্যবহার বেশ উল্লেখযোগ্য। ২০০৯ সালের নভেম্বর মাসে জান কৌম ও ব্রায়ান অ্যাকটন এই অ্যাপটি চালু করেন। এরপর ক্রমশ জনপ্রিয়তা বাড়তে থাকে হোয়াটসঅ্যাপের। ২০১৪ সালে প্রায় ১,৯০০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে অ্যাপটি অধিগ্রহণ করে ফেসবুক, যা বর্তমানে মেটা নামে পরিচিত। তারপর থেকে একের পর এক নতুন ফিচার যুক্ত হয়েছে এই অ্যাপে। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে বেশ কিছু পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ।
নতুন কী কী পরিবর্তন আসছে?
নতুন নেভিগেশন বার: অ্যাপের নিচের দিকে থাকা নেভিগেশন বারটির নকশায় পরিবর্তন আনা হয়েছে। আগের তুলনায় এটি অনেক বেশি ছোট ও কমপ্যাক্ট।
পিলের মতো আকৃতি: নতুন নেভিগেশন বারটিকে পিলের মতো আকৃতি দেওয়া হয়েছে। ফলে সেটি স্ক্রিনের শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকবে না।
স্ক্রল করলেই ছোট হবে: চ্যাটের তালিকা নিচের দিকে স্ক্রল করলে নেভিগেশন বারটি ধীরে ধীরে আরও সরু ও ছোট হয়ে যাবে। আবার উপরের দিকে স্ক্রল করলে সেটি আগের আকার ফিরে পাবে।
ব্লার ইফেক্ট: নেভিগেশন বারের নিচের অংশে বিশেষ ব্লার ইফেক্ট যুক্ত করা হয়েছে।
ট্যাবে নতুন নকশা: যে বিভাগটি ব্যবহারকারী নির্বাচন করবেন, সেটির আইকনের চারপাশে গোলাকার হাইলাইট দেখা যাবে।
নতুন এই ডিজাইনের ফলে মোবাইলের স্ক্রিনে ফাঁকা জায়গার ব্যবহার আরও ভালোভাবে করা যাবে। বিশেষ করে চ্যাটের তালিকা কিংবা অন্যান্য বিভাগ দেখার সময় নেভিগেশন বার ছোট হয়ে যাওয়ায় স্ক্রিনের বেশিরভাগ অংশই ব্যবহার করা সম্ভব হবে। ফলে একসঙ্গে বেশি তথ্য দেখতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি নতুন নকশা অ্যাপটিকে আরও গোছানো এবং আধুনিক করে তুলবে। তবে আপাতত অ্যান্ড্রয়েডের ২.২৬.৪৫.৫ বেটা সংস্করণ ব্যবহারকারীদের মধ্যে কয়েকজন এই সুবিধা পাচ্ছেন। ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।
আরও পড়ুন: জাতিসংঘে ভারতের পাশে দাঁড়াল না বাংলাদেশ
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর জনপ্রিয়তার প্রমাণ মিলেছে ব্যবহারকারীর সংখ্যাতেই। ২০২৫ সালের মে মাসে মেটার প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, প্রতি মাসে ৩০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। বিশ্বের হাতে গোনা কয়েকটি অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম, যাদের ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির গণ্ডি পেরিয়েছে। ফলে ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত নতুন ফিচার ও ডিজাইনে পরিবর্তন আনছে সংস্থাটি।










