সহেলি মিত্র, কলকাতাঃ ১৮ বছরের বঞ্চনার অবসান ও স্থায়ীকরণের দাবি করলেন বহু কর্মী। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে কর্মরত VBGRAMG কর্মীরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, সম্মানজনক বেতন প্রদান এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের কাছে আবেদন জানিয়েছেন। GRS, VLE, STP-সহ বিভিন্ন পদে কর্মরত এই কর্মীদের দাবি, তাঁরা প্রায় ১৮ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে ১০০ দিনের কাজ, ভোটার তালিকা, আবাসন যোজনা এবং পঞ্চায়েতের বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে আসছেন।
১৮ বছরের বঞ্চনার অবসান চাইলেন VBGRAMG কর্মীরা
গ্রামবাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আজও তাঁরা স্থায়ী কর্মীর স্বীকৃতি ও উপযুক্ত বেতন থেকে বঞ্চিত। কর্মীদের অভিযোগ, স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তাঁদের প্রত্যাশা পূরণ হয়নি। তাঁদের দাবি, দীর্ঘদিনের অপেক্ষার পর মাত্র ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, যা দিয়ে বর্তমান বাজারদরে সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনার খরচ বহন করা কঠিন। তাঁদের মতে, এই সামান্য বৃদ্ধি কোনওভাবেই সম্মানজনক বেতন হিসেবে বিবেচিত হতে পারে না। আবেদনে কর্মীরা সুপ্রিম কোর্টের ১৩ ফেব্রুয়ারি ২০২৬-এর একটি রায়ের প্রসঙ্গও তুলে ধরেছেন।
তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজ করানো হলে শুধু অস্থায়ী কর্মীর তকমা দিয়ে কাউকে অনির্দিষ্টকাল আটকে রাখা যায় না; স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করতে হবে। ওই রায়ে ক্যাজুয়াল কর্মীদের ১ জুলাই ২০০৬ থেকে স্থায়ীকরণের কথাও উল্লেখ করা হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। তবে এই রায়ের আলোকে নিজেদের ক্ষেত্রেও দ্রুত স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন কর্মীরা।
আরও পড়ুন: ভরদুপুরে বড় দুর্ঘটনা, ভাতারে ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা SBSTC বাসের, আহত ২৫
প্রধান দাবি কী কী?
তাঁদের প্রধান দাবিগুলি হল, পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার মতো বেতন প্রদান, সুপ্রিম কোর্টের রায় অনুসারে স্থায়ীকরণের প্রক্রিয়া দ্রুত শুরু করা এবং ১৮ বছরের কাজের অভিজ্ঞতাকে চাকরির মেয়াদ হিসেবে গণ্য করা। কর্মীদের স্পষ্ট বক্তব্য, সম্মানজনক বেতন ও স্থায়ীকরণের ব্যবস্থা না হলে তাঁদের ১৮ বছরের শ্রম ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হবে না। পঞ্চায়েত মন্ত্রীর কাছে তাঁদের আবেদন, দীর্ঘদিনের এই বঞ্চনা ও সমস্যার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।










