দমদমের স্কুলে ভয়ানক কাণ্ড! চারতলা থেকে ঝাঁপ পড়ুয়ার

Published:

School (1)

আনিষা চৌধুরী, কলকাতা: বছরের শেষ প্রান্তে ভয়াবহ ঘটনার সাক্ষী দমদম (Dum Dum)। স্কুলের চারতলার বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর জখম অষ্টম শ্রেণির এক পড়ুয়া। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নাগেরবাজার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী এমন ঘটল যে স্কুল চলাকালীন চারতলা থেকে নীচে পড়ে গেল ওই নাবালক? এর নেপথ্যে কি কোনও বিশেষ কারণ রয়েছে, নাকি নিছক দুর্ঘটনা? তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।

কী ঘটেছে পড়ুয়ার সঙ্গে?

আহত পড়ুয়ার নাম তানিস দাস। সে দমদমের যশোর রোড সংলগ্ন সেন্ট স্টিফেনস স্কুলের (St. Stephen’s School) অষ্টম শ্রেণির ছাত্র। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বাসিন্দা ওই পড়ুয়া মঙ্গলবার অন্যান্য দিনের মতোই নির্ধারিত সময়ে স্কুলে এসেছিল। সকাল থেকে প্রথম কয়েকটি ক্লাসও স্বাভাবিকভাবেই করে সে। কিন্তু সকাল ১১টা থেকে ১২টার মধ্যে, চতুর্থ পিরিয়ড শেষ হওয়ার পরই ঘটে বিপত্তি। অভিযোগ, স্কুলের চারতলার বারান্দায় থাকা প্রায় চার ফুট উঁচু পাঁচিল টপকে নীচে পড়ে যায় সে। ঘটনাটি নজরে আসতেই স্কুলের ভিতরে হইচই পড়ে যায়। সহপাঠীরা চিৎকার করে শিক্ষকদের খবর দেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ। রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তবে এমন ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল চলাকালীন কীভাবে চারতলার বারান্দায় এমন ঘটনা ঘটল? পড়ুয়াদের উপর নজরদারিতে কি কোনও খামতি ছিল? অন্যদিকে, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। যদিও এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে এই ঘটনা নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় নাগেরবাজার সংলগ্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চারতলা থেকে পড়ে যাওয়ার ফলে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শরীরে রক্তক্ষরণও হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

ঘটনার খবর পেয়েই স্কুলে পৌঁছয় দমদম থানার পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ছাত্রটি নিজেই ঝাঁপ দিয়েছিল, নাকি অসাবধানতাবশত নীচে পড়ে যায়, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের CCTV ফুটেজও পরীক্ষা করছেন তদন্তকারীরা। পড়ুয়ার উপর কোনও ধরনের মানসিক চাপ ছিল কি না, স্কুলে বা বাড়িতে কোনও সমস্যা চলছিল কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে।

আরও পড়ুন: নেপাল বিপর্যয়ের ৩ মাস পার, নিখোঁজ স্ত্রীকে আজও খুঁজে চলেছেন শুভ্রাংশু

উল্লেখ্য, কলকাতা ও আশপাশের এলাকায় এর আগেও স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল থেকে পড়ে পড়ুয়ার মৃত্যুর ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলের (Silver Point High School) চতুর্থ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল দশম শ্রেণির এক ছাত্রের। সেই ঘটনায় পরিবারের তরফে স্কুলের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও কর্তৃপক্ষ তা অস্বীকার করেছিল। আবার ২০১৫ সালে কলকাতা বিমানবন্দর সংলগ্ন একটি স্কুলের পঞ্চম তলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল অষ্টম শ্রেণির এক পড়ুয়ার।

google button