নেপাল বিপর্যয়ের ৩ মাস পার, নিখোঁজ স্ত্রীকে আজও খুঁজে চলেছেন শুভ্রাংশু

Published:

nepal flash flood

আনিষা চৌধুরী, কলকাতা: নেপালের (Nepal) সেই একটি ভয়াবহ দুর্ঘটনা তছনছ করে দিয়েছিল একটি গোটা পরিবারকে! চোখের পলকে বদলে গিয়েছিল জীবনের চেনা ছন্দ। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় তিন মাস। কিন্তু আজও স্ত্রীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন শুভ্রাংশু রায়। হাল ছাড়েননি তিনি। কখনও ফেসবুকে (FaceBook) স্ত্রীর ছবি দিয়ে নিখোঁজের পোস্ট করছেন, কখনও শেষবার তাঁকে কোথায় দেখা গিয়েছিল সেই তথ্য প্রকাশ করে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছেন। যদি কেউ শর্মিষ্ঠার কোনও সন্ধান পান, সেই আশাতেই বারবার সমাজমাধ্যমের দ্বারস্থ হচ্ছেন তিনি।

কীভাবে খোঁজ চালাচ্ছেন স্বামী?

নিখোঁজ শর্মিষ্ঠা ভৌমিক রায় হলেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের পুত্রবধূ। তাঁর স্বামী শুভ্রাংশু রায় একসময়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। কাঁচরাপাড়ার বাসিন্দা এই দম্পতির দুই সন্তান রয়েছে। গত ২১ অগস্ট এক ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশে নেপালে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। সন্তানদের বাড়িতে রেখে একাই এই সফরে গিয়েছিলেন তিনি।

গত ২৬ অগস্ট নেপালে হড়পা বানের বিপর্যয়ের পর থেকেই শর্মিষ্ঠার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার সূত্রে খবর, ২৫ অগস্ট রাতে শেষবার স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। এরপর থেকে ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। স্ত্রীকে খুঁজতে স্থানীয় থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন শুভ্রাংশু। পরিচয় শনাক্তকরণের জন্য পরিবারের তরফে ডিএনএ নমুনাও দেওয়া হয়েছিল। কিন্তু এখনও মেলেনি কোনও নিশ্চিত খবর। মঙ্গলবার, ১৭ নভেম্বর ফের ফেসবুকে স্ত্রীর ছবি দিয়ে নিখোঁজের পোস্ট করেছেন তিনি। সেখানে উল্লেখ করেছেন, ২৬ অগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে শেষবার শর্মিষ্ঠাকে দেখা গিয়েছিল। কেউ তাঁর সন্ধান পেলে যোগাযোগ করার আবেদনও জানিয়েছেন।

কী ভাবে ঘটেছিল নেপালের সেই বিপর্যয়?

জানা গিয়েছে, কলকাতার ‘চলো যাই’ নামে একটি পর্যটন সংস্থার উদ্যোগে ৩২ জনের একটি দল গত ২১ অগস্ট নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। তাঁদের গন্তব্য ছিল কৈলাস-মানস সরোবর। ২৬ অগস্ট দলটির তিব্বতে প্রবেশের কথা ছিল। সেই সময় তাঁরা নেপাল-চিন সীমান্তের কেরুং বা গিরং এলাকার ইমিগ্রেশন কেন্দ্রের কাছে পৌঁছেছিলেন। ঠিক সেই সময় ভুটে কোশি নদীর অববাহিকায় ভয়াবহ হড়পা বান আছড়ে পড়ে। প্রবল জলস্রোতে ভেসে যায় রাস্তা, সেতু, সীমান্তবর্তী পরিকাঠামো এবং একাধিক বসতি। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। এরপর থেকেই পর্যটক দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: অন্নপূর্ণার যোজনায় কাটমানি! বিজেপি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শুধু শর্মিষ্ঠা বা বাংলার পর্যটকদলই নয়, নেপালের এই বিপর্যয়ে বিপুল সংখ্যক মানুষের জীবন বিপন্ন হয়েছিল। নেপাল পুলিশের ২৬ অগস্টের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিভিন্ন এলাকায় ৯৫টি দেহ উদ্ধার হয়েছিল এবং ৬৩ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী সময়ে বিপর্যয়ের প্রভাব আরও বিস্তৃত হয়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক জেলা, ভেসে যায় বাড়িঘর, সেতু ও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বহু মানুষ নিখোঁজ হয়ে যান। সেই তালিকায় রয়েছেন শর্মিষ্ঠাও।

google button