সৌভিক মুখার্জী, কলকাতা: যুবশক্তি (Yuva Shakti) ভরসা কার্ড বা ভরসা স্কিম কবে চালু হবে, তা নিয়ে সংশয় রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে। নভেম্বর মাস থেকে এই প্রকল্পে সহায়তা মিলবে বলে জানানো হলেও এখনও পর্যন্ত নেই কোনও বিজ্ঞপ্তি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাম্প্রতিক একাধিক জনসভায় গিয়ে ভরসা স্কিম নিয়ে করছেন মন্তব্য। তাঁর কথা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প চালু হবে এবং ধাপে ধাপে বেকার যুবক-যুবতীরা পেতে শুরু করবেন ৩০০০ টাকা। সেই সূত্রে সোমবার পশ্চিম মেদিনীপুর থেকে বড় ঘোষণা করলেন শুভেন্দু।
যুবশক্তি ভরসা স্কিম নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন পশ্চিম মেদিনীপুরের ওই জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভরসা স্কিম নিয়ে বলেন, “গ্রাজুয়েট এবং নন গ্র্যাজুয়েটদের জন্য দুটি গ্রুপ করে আমরা ভরসা স্কিম চালু করব। তার প্রিপারেশন চলছে। এবং খুব রিসেন্টলি আমরা আপনাদের জানিয়ে দেবো, এই ভরসা স্কিমে, তাতেই আমরা কিছু আপনাদেরকে এমপ্লয়মেন্ট যতক্ষণ না পাচ্ছেন বা আপনারা ৫ বছর অ্যাটলিস্ট, আপনাদের কিছু সাপোর্ট দেবো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য।”
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা বিশেষভাবে আমাদের কন্যাদের কথা ভেবেছি। কারণ, এখানে বাল্যবিবাহ এবং আমাদের ১৮ বছরের নিচে বোনেদের, কন্যাদের আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি ভয়ংকর আকার ধারণ করেছে পশ্চিমবঙ্গে। আমি এখানে আর ডিটেলস বলতে চাই না, ছোট ছোট বাচ্চারা রয়েছে। এটা আমাদের একটা অসুখে পরিণত হয়েছে, এই রাজ্যে এই বাল্যবিবাহ। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
আরও পড়ুন: ৪৩ হাজার টাকা পতন, সোনার দামে এই ধসের পিছনে আসল কারণ কী?
প্রসঙ্গত, যুবশক্তি ভরসা স্কিমে গ্রাজুয়েট যুবক-যুবতীরা প্রতি মাসে ৩০০০ টাকা এবং নন গ্রাজুয়েট যুবক-যুবতীরা প্রতি মাসে ২০০০ টাকা করে অর্থ সহায়তা পাবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। তবে এই সুবিধা পেতে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট যুবক বা যুবতীকে বর্তমানে বেকার হতে হবে বা কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা চলবে না। দ্বিতীয়ত, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হবে হতে হবে। তৃতীয়ত, বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে এবং অন্য কোনও সরকারি প্রকল্প থেকে সহায়তা নেওয়া চলবে না।










