স্টেশনে বোতল কুড়োনো থেকে ফোর্বস-র পাতায়, পুরুলিয়ার ভিকি রায়ের বায়োপিক বানাচ্ছে হলিউড

Published:

Photographer Vicky Roy

অনন্যা সরকার, কলকাতা: কিছু কিছু মানুষের জীবনসংগ্রাম, কষ্ট, ত্যাগ ও কঠোর পরিশ্রমের কাহিনী অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ভিকি রায়ের (Vicky Roy) উত্থানের কাহিনী এরই এক জীবন্ত দৃষ্টান্ত। দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে মাত্র ১১ বছর বয়সে তিনি ঘর ছাড়েন এবং দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমান। একটা সময় নয়াদিল্লি রেল স্টেশনে বোতল ও আবর্জনা কুড়িয়ে, আবার কখনও স্থানীয় ধাবায় বাসন মেজে জীবনধারণ করেছেন। আজ সেই ভিকি রায়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে হলিউডের চলচ্চিত্র নির্মাতারা তার বায়োপিক তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন। 

১১ বছর বয়সে বাড়ি ছেড়ে পাড়ি দেন দিল্লিতে 

ভিকি রায়ের ছোটবেলা কেটেছে পুরুলিয়া এক প্রত্যন্ত গ্রামে। শৈশব থেকেই দেখেছেন দারিদ্র্য। ১১ বছর বয়সে বাড়ি থেকে সামান্য টাকা চুরি করে পালিয়ে আসেন দিল্লি। এখানেই শুরু হয় তার জীবনসংগ্রামের পরবর্তী অধ্যায়। দুটো খাবার জোগাড় করার জন্য স্টেশন থেকে বোতল কুড়িয়ে তাতে ঠান্ডা জল ভরে বিক্রি করতেন। এরপর কিছুদিন একটা ধাবাতেও কাজ করেন। কিশোর ভিকিকে ধাবায় কাজ করতে দেখে এক সহৃদয় ব্যক্তি তাঁকে ‘সালাম বালক ট্রাস্ট’ (Salaam Baalak Trust) নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংস্পর্শে নিয়ে আসেন। সেখানে এক ব্রিটিশ আলোকচিত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফটোগ্রাফির প্রতি তাঁর আগ্রহ জন্মায়। এরপর তিনি ত্রিবেণী কলা সঙ্গমে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন এবং আলোকচিত্রী অনয় মানের অধীনে প্রশিক্ষণও গ্রহণ করেন।

২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ‘মেব্যাক ফাউন্ডেশন’ (Maybach Foundation) তাঁকে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পুনর্নির্মাণ প্রক্রিয়ার ছবি তোলার দায়িত্ব দিয়েছিল। এই সুযোগে তিনি নিউইয়র্কের ‘ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি’-তে ডকুমেন্টারি ফটোগ্রাফির ওপর ছয় মাসের একটি কোর্স করারও সুযোগ পান। তাঁর এই সাফল্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ বাকিংহাম প্যালেসে প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ পান ভিকি। এছাড়া, এমআইটি (MIT) ফেলোশিপ, ২০১৮ সালে ভোগ ইন্ডিয়া (Vogue India)-এর ‘৪০ আন্ডার ৪০’ এবং ২০১৬ সালে ফোর্বস এশিয়া’ (Forbes Asia)-এর ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন: এক লটারির টিকিটেই বাজিমাত, ⁠রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের গরিব রাজমিস্ত্রি

ভিকি রায়ের রূপকথার মতো এই উত্থানের ওপর ভিত্তি করে হলিউডে ‘স্ট্রিট ড্রিমস’ (Street Dreams) নামে একটি বায়োপিক বা জীবনীমূলক চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে। এর চিত্রনাট্য লিখছেন সুনি তারাপোরওয়ালা, যিনি মিরা নায়ারের পরিচালিত বিখ্যাত ‘সালাম বোম্বে!’ চলচ্চিত্রের সাথেও যুক্ত ছিলেন। 

এর পাশাপাশি, প্রখ্যাত লেখিকা ও সাংবাদিক সি. কে. মীনা তাঁর জীবনী লিখছেন। সেই উদ্দেশ্যে সম্প্রতি তিনি পুরুলিয়ায় ভিকি রায়ের শৈশবের গ্রামে গিয়ে তাঁর প্রারম্ভিক জীবন, পৈতৃক বাড়ি এবং তার বেড়ে ওঠার পরিবেশ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছেন। পুরুলিয়ার গ্রাম থেকে দিল্লি পালিয়ে আসা ১১ বছরের ছেলেটা আজ বিশ্ব দরবারে সমাদৃত ব্যক্তিত্ব। ভিকি রায়ের এই যাত্রা প্রমাণ করে যে, মানসিক দৃঢ়তা ও সঠিক সুযোগ পেলে প্রতিকূল পরিস্থিতিও সাফল্যের দ্বার উন্মোচন করতে পারে।

google button