এক লটারির টিকিটেই বাজিমাত, ⁠রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের গরিব রাজমিস্ত্রি

Published:

Lottery Winner

অনন্যা সরকার, মুর্শিদাবাদ: কখন কীভাবে কার ভাগ্যের চাকা ঘুরবে, তা কেউ বলতে পারে না। এই যেমন মুর্শিদাবাদের মোজাম্মেল আনসারি। তিনি চরম আর্থিক কষ্টের মধ্যেও রাজমিস্ত্রির কাজ করে তাঁর তিন মেয়েকে বড় করেছেন। হঠাৎই একটা লটারির টিকিট বদলে দিল তাঁর ভাগ্য (Lottery Winner)। ১ কোটি টাকা জিতেছেন মোজাম্মেল আনসারি, যা এক ঝটকায় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। 

ভাগ্যের ফেরে রাজমিস্ত্রি জিতলেন ১ কোটি

মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিবপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল আনসারি নিয়মিত লটারির টিকিট কেনেন না। মাঝেমধ্যে হাতে কিছু বাড়তি টাকা আসলে একটা দু’টো টিকিট কিনতেন। এর আগে তিনি ছোটখাটো অঙ্কের টাকা – খুব বেশি হলে হাজারখানেক জিতেছেন।  কিন্তু এত বড় পুরস্কার জেতার কথা কখনো স্বপ্নেও কল্পনা করেননি দরিদ্র রাজমিস্ত্রি।

যখন দেখলেন তাঁর টিকিটটি প্রথম পুরস্কার, অর্থাৎ ১ কোটি টাকা জিতেছে, প্রথমে তিনি তা বিশ্বাসই করতে পারেননি। আবেগে আপ্লুত হয়ে তিনি কেঁদে ফেলেন। তবে হঠাৎ করে এত বড় অঙ্কের টাকার মালিক হয়েও, মোজাম্মেল তাঁর পা মাটিতেই রেখেছেন। তিনি জানান, টাকা হাতে পেতে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। তিনি এই টাকা দিয়ে প্রথমে নিজের বাড়িটি মেরামত করা এবং সম্ভব হলে ছোট এক টুকরো জমি কেনার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: লটারিতে প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি ময়নাগুড়ির দরিদ্র প্লাইউড শ্রমিক

এছাড়া, বাবা হিসেবে তিনি তাঁর তিন মেয়ের ভবিষ্যতের কথাও ভাবছেন এবং তাদের জন্য কিছু টাকা আলাদা করে রাখবেন বলেও ঠিক করেছেন। এর বাইরে তাঁর আর কোনো পরিকল্পনা নেই বলেই জানান মোজাম্মেল।  বাবার লটারি জেতার খবরে তাঁর তিন মেয়ে খুবই আনন্দিত। বড় মেয়ে সুরভি খাতুনের বিয়ে হয়ে গিয়েছে, তিনি পাশের গ্রাম কুলুরিতে থাকেন। সুরভি জানান, চরম আর্থিক অনটনের মধ্যেও তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁদের পড়াশোনা ও বিয়ের খরচ জুগিয়েছেন। তবে সুরভি স্পষ্টভাবেই বলেন যে, তাঁদের বাবার জেতা টাকার ওপর তাঁদের ব্যক্তিগতভাবে কোনো দাবি নেই।

যদিও, মোজাম্মেল আনসারি নিজে বড় অঙ্কের পুরস্কার জিতেছেন, কিন্তু তিনি নিয়মিত লটারির টিকিট কেনা নিয়ে অন্যদের সতর্ক করেছেন। তাঁর কথায়, কেউ যদি লটারিতে অংশ নিতেই চান, তবে যেন মাঝেমধ্যে কেবল একটি বা দুটি টিকিট কেনেন। যেহেতু এটি পুরোপুরি ভাগ্যের বিষয়, তাই এর পেছনে বেশি অর্থ ব্যয় করা উচিত নয়।

google button