বিক্রম ব্যানার্জী, কলকাতা: বল হাতে ভেঙেছেন বহু তাবড় তাবড় ব্যাটসম্যানের উইকেট। পরিচয় তাঁর ফাস্ট বোলার বা একজন পেসার হিসেবেই। তবে এবার ব্যাট হাতেও কেরামতি দেখালেন জিম্বাবুয়ে তথা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের তারকা প্লেয়ার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন 9 নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করলেন তিনি। আর সেই সূত্র ধরেই টেস্ট ক্রিকেটে 10 নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করা জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হলেন তিনি। শুধু তাই নয়, অনেকেই বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে নিজের অলরাউন্ডার প্রতিভার জানান দিলেন ব্লেসিং।
অলরাউন্ডার পেয়ে গেল KKR!
আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে দল জিম্বাবুয়ের হয়ে 9 নম্বরে ব্যাট করতে আসেন নাইট তারকা ব্লেসিং। আর মাঠে নেমেই আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বোলারদের একেবারে পিটিয়ে 93 বলে 10টি চার এবং একটি ছয় সহযোগে 59 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। সেই সূত্র ধরেই আফগানিস্তান দলটির সামনে দ্বিতীয় ইনিংসে 295 রান রাখতে পেরেছে জিম্বাবুয়ে। তবে এদিন জাতীয় দলের হয়ে দাপট দেখানোর পাশাপাশি জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠেছেন ব্লেসিং। তৈরি করেছেন নতুন ইতিহাস।
না বললেই নয়, ব্লেসিং এদিন যেভাবে ব্যাটিং করলেন তা দেখে বোঝাই যাচ্ছে তিনি অলরাউন্ডার হিসেবে একজন যোগ্য প্রতিভা। শুধুমাত্র 9 নম্বর পজিশনে থাকায় সেভাবে ব্যাট করার সুযোগ পান না। অনেকেই মনে করছেন, শুধুমাত্র পেসার থেকে জিম্বাবুয়ে তারকার অলরাউন্ডার হয়ে ওঠার এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার তা কাজে লাগাবে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, জিম্বাবুয়ের এই খেলোয়াড়ের প্রতিভা দেখে তাঁকে অলরাউন্ডার হিসেবেই রিটেইন করিয়ে মাঠে নামাতে পারে শাহরুখের দল।
আরও পড়ুন: ‘হারানো আর সহজ হবে না’ সাফ ফাইনালের আগেই ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের কোচের
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সিজন শুরু হতে এখনও বেশ খানিকটা দেরি। যদিও আগামী ডিসেম্বর মাসে গোয়ায় রয়েছে মিনি নিলাম। তার আগে আজ অর্থাৎ 17 নভেম্বর সমস্ত দল তাদের ছেড়ে দেওয়া এবং ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে। এখন দেখার শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে নিজেদের শিবিরে ধরে রাখে।










