আজই শেষ সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন, কলকাতায় ফিরছেন টুলু মণ্ডল?

Published:

Tulu Mondal

সৌভিক মুখার্জী, কলকাতা: শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আজ অর্থাৎ ১৭ নভেম্বরের মধ্যে দুবাই থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের (Tulu Mondal)। তবে আদালত আগেই জানিয়েছিল, দেশে ফেরার পরবর্তী ২১ দিন পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না। দেওয়া হয় অন্তর্বর্তী রক্ষাকবচ। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, টুলু মণ্ডল আদৌ আজ দেশে ফিরবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে উত্তেজনা।

দেশে ফিরছেন টুলু মণ্ডল?

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দেশে ফেরার পরবর্তী ২১ দিন রক্ষাকবচের মেয়াদ বহাল থাকবে টুলু মণ্ডলের। তবে তাঁর আইনজীবী সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজই কলকাতায় ফিরতে পারেন তিনি। এদিকে টুলুর বিরুদ্ধে সিউড়ির আদালত অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আর হুলিয়া জারি করেছিল। সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকেও বহাল রাখা হয়। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলুর আইনজীবী। আর সেখানেই অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয় তাঁকে।

গত ৪ নভেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শীল নাগুর বেঞ্চে টুলুর পক্ষ থেকে আদালতে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতগি। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এবং এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। টুলু মণ্ডল অপরাধী নন, দুবাইয়ে তাঁর বৈধ ব্যবসা রয়েছে। আর রক্ষাকবচ পেলেই তিনি ফিরতে প্রস্তুত। পাশাপাশি রাজ্যের তরফ থেকে সলিসিটর জেনারেল ও অতিরিক্ত জেনারেল জানিয়েছিলেন যে তিনি ফিরলে তিন সপ্তাহ গ্রেফতার করা যাবে না।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

এদিকে আইনজীবীরা জানাচ্ছেন, নিয়ম অনুযায়ী দেশে ফেরার সঙ্গে সঙ্গেই টুলুকে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা লাগবে। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিতে হবে পাথর ব্যবসায়ীকে। তদন্তকারী অফিসাররা প্রয়োজন মতো জিজ্ঞাসাবাদ করতে পারেন টুলুকে। তবে আজ তিনি দেশে ফিরবেন কিনা বা সিউড়ি আদালতে সরাসরি হাজিরা দেবেন কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। এখন রাজনৈতিক মহলের নজর থাকবে টুলু মণ্ডলের পদক্ষেপের দিকেই।

google button