প্রীতি পোদ্দার, কলকাতা: রাতবিরেতে কার্তিক ঠাকুর নিয়ে ঘটল আরেক অশান্তি। মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) সদর দরজার সামনে ফেলা হল স্বয়ং কার্তিকের মূর্তি। শুধু তাই নয়, মূর্তির গায়ে আবার একটি লিখিত কাগজও লাগানো হয়েছে আঠা দিয়ে, যেখানে কুণাল ঘোষের নামের সঙ্গে একটি মেয়ের নামও জড়িত। ইতিমধ্যেই সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত। আর তাতেই কার্তিক কাণ্ড ঘিরেই শুরু হল রাজনৈতিক চর্চা।
কুণাল ঘোষের বাড়িতে পড়ল কার্তিক
কার্তিক পুজোর সময় বাংলার প্রচলিত রীতি অনুযায়ী মজা করে আগের দিন রাতের অন্ধকারে কারও বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার চল রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে নতুন বিবাহিত দম্পতিদের বাড়িতে এই কার্তিক ঠাকুর অনেকে মজা করে রেখে দিতে আসেন। কিন্তু এবার সেই কার্তিক ঠাকুর পড়ল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে।
চিরকুটে কী লেখা?
তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত গতকাল ফেসবুকে তাঁর প্রোফাইল থেকে একটি ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে ছবিটিতে দাবি করা হচ্ছে কুণাল ঘোষের বাড়ির সামনে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে। এবং কাগজে লেখা রয়েছে “ আমাকে নাও, কুণাল কুমার ঘোষ অর্পিতা চৌধুরী।” এদিকে এই ছবি ও ভিডিও সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে চিরকুটে অর্পিতা চৌধুরীর নাম থাকায় বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি কুণাল ঘোষ।
আরও পড়ুন: এনগেজমেন্টের পরেই দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে মিমের বন্যা! মিলল পাল্টা জবাবও
কৌস্তভ বাগচীর বাড়িতেও পড়ল কার্তিক
শুধু কুণাল ঘোষের বাড়িতেই কার্তিক ঠাকুর ফেলা নিয়ে মজার ঘটনা আটকে থাকেনি, গতকাল, সোমবার রাতে কার্তিক পুজো উপলক্ষে ব্যারাকপুরের বিধায়ক তথা আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতেও দলীয় কর্মীরা গিয়ে কার্তিক ঠাকুর ফেলে এসেছেন। ধুমধাম করে গান বাজনা বাজিয়ে কর্মীদের এই আয়োজন দেখে হেসে কুপোকাত বিধায়ক।
প্রসঙ্গত, এক বছর আগে বিজেপি বিধায়ক তথা আইনজীবী কৌস্তভ বাগচি সামাজিক বিয়ে সেরে ছিলেন দীর্ঘদিনের বান্ধবী প্রীতির সঙ্গে। যদিও তার অনেক আগেই তাঁদের আইনি বিয়েও সম্পন্ন হয়েছিল। শেষে রাজ্যে বিজেপির আগমন ঘটতেই শুভকাজ সম্পন্ন করেছিলেন তিনি। কৌস্তুভের স্ত্রী প্রীতি করও একজন হাইকোর্টের আইনজীবী। সব মিলিয়ে কার্তিক পুজোর মরশুমে বাংলার রাজনীতির দুই পরিচিত মুখের বাড়িতে কার্তিক ঠাকুর পৌঁছনোর ঘটনা ঘিরে তৈরি হয়েছে আলাদা চর্চা।










