আনিষা চৌধুরী, কলকাতা: ক্ষমতায় আসার পর একের পর এক প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়েছে রাজ্য সরকার। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই টাকায় অনেকেই নিজেদের সংসার খরচ চালাচ্ছে, দুর্গা পুজোর আয়োজন হচ্ছে, আবার কেউ প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। তবে এখনও এমন বহু মহিলা রয়েছেন, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছয়নি। আপনিও কি তাঁদের মধ্যে একজন? তাহলে টাকা পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনই যাচাই করে নিন।
টাকা না ঢোকার কারণ
অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকার পিছনে একাধিক কারণ থাকতে পারে,
- প্রথমত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না, তা দেখে নিন।
- দ্বিতীয়ত, অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পরিষেবা চালু রয়েছে কি না, যাচাই করুন।
- আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই এবং আবেদনপত্রে নাম বা অন্যান্য তথ্যের মধ্যে কোনও অমিল থাকলেও টাকা আটকে যেতে পারে।
- এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা, KYC অসম্পূর্ণ থাকা কিংবা BDO অফিসে আবেদন যাচাইয়ের কাজ শেষ না হওয়ার কারণেও টাকা পেতে দেরি হতে পারে।
- পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি বা পেনশন পান কিংবা আয়করদাতা হলে প্রকল্পের যোগ্যতার শর্তও যাচাই করা প্রয়োজন।
তাহলে টাকা পেতে কী কী পদক্ষেপ নেবেন?
- প্রথমেই রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজের আবেদনের স্ট্যাটাস যাচাই করুন।
- সেখানে আবেদন অনুমোদিত হয়েছে, যাচাইয়ের পর্যায়ে রয়েছে নাকি ব্যাঙ্কের তথ্যের সমস্যায় আটকে রয়েছে, তা বোঝার চেষ্টা করুন।
- এরপর ব্যাঙ্কে গিয়ে আধার সংযোগ, DBT পরিষেবা এবং KYC সংক্রান্ত তথ্য যাচাই করিয়ে নিন।
- যদি আবেদনের স্ট্যাটাসে ‘Pending at BDO Office’ দেখায়, তাহলে সংশ্লিষ্ট BDO অফিসে যোগাযোগ করুন। শহরাঞ্চলের বাসিন্দারা SDO অফিস বা পুরসভার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করতে পারেন। সঙ্গে রাখুন আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই এবং আবেদনপত্রের রসিদ।
টাকা না ঢুকলে চিন্তা করবেন না। অনেক সময় উপভোক্তার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আধারের সঙ্গে যে অ্যাকাউন্টটি DBT-র জন্য ম্যাপ করা রয়েছে, টাকা সেই অ্যাকাউন্টে জমা পড়তে পারে। উদাহরণস্বরূপ, আপনার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এবং অন্য একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। আপনি প্রথম অ্যাকাউন্টে টাকা খুঁজছেন, অথচ আধার-সংযুক্ত অন্য অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গিয়েছে। তাই সব অ্যাকাউন্টের স্টেটমেন্ট পরীক্ষা করুন। প্রয়োজনে ব্যাঙ্কের সাহায্য নিন। তার পরেও সমস্যা না মিটলে BDO বা SDO অফিসে লিখিত অভিযোগ জানান। অক্টোবরের শেষের দিকে মুখ্যমন্ত্রীও অ্যাকাউন্টের ভুলের কারণে আটকে থাকা ৬,১৬৩ জনের টাকা নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।
আরও পড়ুন: সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ তৈরি হয়েছিল। একাধিক জায়গায় মহিলারা রাস্তা অবরোধ, BDO অফিস ঘেরাও এবং প্রশাসনিক দফতরে বিক্ষোভ দেখিয়েছিলেন। বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই আন্দোলন বড় আকার নেয়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে কয়েকটি জায়গায় অবরোধ উঠে যায়। অন্যদিকে, নভেম্বরের শুরুতে মুখ্যমন্ত্রী প্রায় ১.৬৫ কোটি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে কিস্তির টাকা পাঠানোর কথা জানান। তাই টাকা না পেলে অপেক্ষা না করে নিজের আবেদনের অবস্থা ও ব্যাঙ্কের তথ্য যাচাই করুন।










