অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগণা: বাংলার খাদ্যাভাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সাথে মাছ ওতপ্রোতভাবে জড়িত। পশ্চিমবঙ্গ জুড়ে তাই মাছ চাষের আলাদা গুরুত্ব রয়েছে। তবে জলে মাছ ছেড়ে দিলেই মাছ চাষ হয়ে যায় না। চাষের জন্য প্রকৃত জলাশয়ের খোঁজ করা, পোনা তৈরি, সঠিক খাদ্যের যোগান দেওয়া ও জলের পরিবেশ নিয়ন্ত্রণের মতো একাধিক বিষয় জড়িয়ে থাকে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মৎসচাষি শিবদাস মণ্ডল প্রচলিত পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করে ব্যাপক সাফল্যের মুখ দেখেছেন (Success Story of Fish Farmer Shibdas Mondal)। শুধু তাই নয় ওই অঞ্চলের বহু যুবকেও এই কাজে উদ্বুদ্ধ করেছেন। আসুন তাহলে তাঁর এই সাফল্যের কাহিনী সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
মৎস্যচাষে বিপ্লব এনেছেন শিবদাস মণ্ডল
শিবদাস মণ্ডল পূর্ব কলকাতার সোনারপুর অঞ্চলের বাসিন্দা। ১৯৯৬-৯৭ সাল থেকে তাঁর মাছ চাষে হাতেখড়ি। সে সময় ওই অঞ্চল বেশ ফাঁকা ছিল। বেশকিছু জলাশয় ও জলাজমি পৈত্রিক সূত্রে পেয়েছিলেন শিবদাসবাবু। স্কুল জীবন থেকেই একটু একটু করে মাছ চাষের প্রতি আগ্রহ বাড়ে তাঁর। এরপর কৃষিবিজ্ঞান কেন্দ্র (KVK) থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে মাছ চাষ শুরু করেন।
শিবদাসবাবু একটি বিশেষ পদ্ধতিতে মাছের চাষ করে থাকেন। প্রথমে যে জলাশয় চাষ করা হবে সেখান থেকে সবটুকু জল সরিয়ে নেওয়া হয়। তারপর দুই থেকে পাঁচ দিন পুকুরটি শুকোতে দিতে হয়। এরপর নতুন জল ভরে তার মধ্যে মহুয়ার খোল মেশানো হয়। শিবদাস বাবু জানাচ্ছেন, মহুয়ার ব্যবহারে জলাশয়ের ছোট অবাঞ্ছিত মাছ, গেড়ি-গুগলি মরে যায়। পরে এই মহুয়ার খোল পচে সার হিসেবে কাজ করে এবং জলে প্ল্যাঙ্কটন বৃদ্ধিতে সাহায্য করে।
আরও পড়ুন: কুলির কাজ ও জমি বিক্রি করে ছেলেদের পড়ান বাবা! NEET, JEE-তে বাজিমাত দুই ভাইয়ের
প্রথম দিকে ওই এলাকায় মাছ চাষ হতো মূলত প্রচলিত পদ্ধতি এবং অতীতের অভিজ্ঞতার ওপর নির্ভর করে। শিবদাস মণ্ডলই প্রথম মাছের খাবার হিসেবে প্রসেসড ফিড ব্যবহার করতে শুরু করেন। তাই শুরুতে খুব বেশি সাহায্য না পেলেও, তাঁর উৎপাদন আশেপাশের মানুষদের নজর কেড়েছিল। বিশেষ করে দরিদ্র পরিবারের অনেক যুবক তাঁকে দেখে মাছ চাষে আগ্রহী হয়। দক্ষিণ ২৪ পরগণার ওই এলাকায় একমাত্র শিবদাসবাবুর কাছে রয়েছে নিজস্ব ফিড মিল (মাছের খাবার তৈরির যন্ত্র)।
শিবদাস মণ্ডল যখন প্রথম মাছ চাষ শুরু করেন তখন রুই, কাতলা, মৃগেল, বাটা, সিলভার কার্প সহ প্রায় ৬ থেকে ৭ রকমের চাষ হতো। এখন মাগুর, ট্যাংরা, গলদা চিংড়ি ও মৌরালার মতো মাছ যুক্ত হয়ে ১৬ থেকে ১৮টি প্রজাতিতে পৌঁছেছে। শিবদাসবাবু জানাচ্ছেন, এক বিঘা জমিতে মাছ চাষ ও প্রাণী পালন করতে তাঁর ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ হয়। আয় হয় প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা। বর্তমানে তিনি বিঘা প্রতি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করছেন। তাঁর এই সাফল্য এলাকার বহু নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাছ চাষে উদ্বুদ্ধ করেছে। সোনারপুর অঞ্চলে একাই মৎস্য চাষে বিপ্লব এনেছেন শিবদাস মণ্ডল।










