প্রীতি পোদ্দার, কলকাতা: রামায়ণ (Ramayan) এমনই এক পৌরাণিক কাহিনী, যেটা পড়লে বা শুনলে নানা চরিত্রের আত্মত্যাগ, হিংসা, ভালোবাসা ও দায়িত্বের চিত্র ফুটে ওঠে। আর সেই চরিত্রগুলির মধ্যে অন্যতম ছিলেন জটায়ু (Jatayu Story)। যিনি সীতাকে উদ্ধার করতে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কিন্তু সেই চরিত্র সম্পর্কে জানা থাকলেও অনেকেই জানেন না জটায়ুর দাদা কে ছিলেন। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।
কে ছিলেন জটায়ুর দাদা?
শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, জটায়ুর দাদা ছিলেন সম্পাতি। তাঁরা ছিলেন মহর্ষি কশ্যপ ও বিনতার পুত্র। দাদা সম্পাতি ছিলেন অসীম শক্তিশালী। শোনা যায়, একবার দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল যে কে কত উঁচুতে উড়তে পারে, তখনই নাকি সূর্যের প্রচণ্ড উত্তাপে কনিষ্ঠ ভ্রাতা জটায়ুর ডানা পুড়ে যাওয়ার উপক্রম হয়। তখন সম্পাতি নিজের বিশাল ডানা দুটি মেলে ধরেন জটায়ুর ওপর। ফলস্বরূপ, জটায়ু রক্ষা পেলেও সূর্যের দহনে সম্পাতির দুই ডানা পুরোপুরি পুড়ে যায়। এবং তিনি দক্ষিণ ভারতের মহেন্দ্র পর্বতের ওপর আছড়ে পড়েছিলেন।
ভাইয়ের মৃত্যুসংবাদে বিচলিত ছিলেন দাদা
সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিল জটায়ু। কিন্তু ভাইয়ের মৃত্যু সংবাদ জানতেন না দাদা সম্পাতি। এদিকে সীতার খোঁজে যখন হনুমানের দল দক্ষিণ দিকে এগোচ্ছিলেন, তখন তাঁরা সমুদ্রতীরে হতাশ হয়ে বসে জটায়ুর বীরত্ব নিয়ে আলোচনা করছিলেন, তখন পাহাড়ের গুহা থেকে সম্পাতিকে রুগ্ন অবস্থায় এগিয়ে আসতে দেখা গিয়েছিল। সে হনুমানদের কাছে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর শুনে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। আর তখনই সকলে জানতে পেরেছিল যে সম্পাতি হলেন জটায়ুর দাদা।
আরও পড়ুন: জানেন, বনবাসে থাকাকালীন কেন ১৪ বছর ঘুমাননি লক্ষ্মণ? রইল আসল কারণ
যদিও শুধু জটায়ু নয়, সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে সম্পাতিরও বিরাট অবদান রয়েছে। তাঁর ওড়ার ক্ষমতা না থাকলেও দিব্য দৃষ্টি ছিল অটুট। তিনি পর্বত শিখরে বসে সমুদ্রের ওপারে লঙ্কা দ্বীপে বন্দি সীতাকে দেখতে পেয়েছিলেন। আর তিনিই প্রথম হনুমানদের নিশ্চিত করেন যে, সীতা রাবণের অশোক বনে রয়েছেন। শেষে সম্পাতির এই তথ্যের ওপর ভিত্তি করেই রাম, লক্ষ্মণ ও হনুমানের দল সমুদ্র পাড়ি দেওয়ার সাহস সঞ্চয় করেছিল। কিন্তু সেই মুহূর্তে ঘটেছিল আরও এক আশ্চর্য ঘটনা। যখন সম্পাতি হনুমানদের সীতার সংবাদ দিয়েছেন, ঠিক তখনই তাঁর ডানা দুটি নতুনভাবে গজিয়ে উঠেছিল।










