হাজার হাজার বাদুড় ঝোলে হুগলির এই গ্রামে, নিশাচর প্রাণীদের সংরক্ষণ করছে এলাকাবাসী

Published:

Bats Conservation

অনন্যা সরকার, হুগলি: বাদুড়ের সাথে বহুকাল জড়িয়ে রয়েছে নানা কুসংস্কার ও রোগব্যাধির ভয়। তবে হুগলি জেলার গোঘাট-২ ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শকুনজোলা গ্রামে এই প্রাণীটিকে ঘিরেই মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন দেখা যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের বাসিন্দারা গভীর মমত্বের সাথে হাজার হাজার বাদুড়কে লালন-পালন ও সংরক্ষণ করে আসছেন (Bats Conservation)। বর্তমান যুগে দ্রুত নগরায়ণ ও অনিয়ন্ত্রিতভাবে গাছ কেটে ফেলার ফলে যখন বহু বন্যপ্রাণী বিলুপ্তির দিকে পা বাড়িয়েছে, তখন শকুনজোলা এই নিশাচর প্রাণীগুলোর জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। 

শকুনজোলা হয়ে উঠেছে বাদুড়দের অভয়ারণ্য

সারা বছর ধরেই গোঘাটের এই গ্রামের পুরোনো উঁচু উঁচু ও তেঁতুল গাছগুলোর ডালে অসংখ্য বাদুড়কে ঝুলে থাকতে দেখা যায়। শকুনজোলায় বসবাসকারী দু’শোর বেশি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্দ্ধিধায় এই প্রাণীগুলোর সংরক্ষণে নিজেদের উৎসর্গ করেছেন। গ্রামবাসীরা এই বাদুড়গুলো বন্যপ্রাণী হিসেবে দেখে না, বরং এরা গ্রামের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কোনো অতিথি বেড়াতে আসলে গ্রামবাসীরা তাঁদের ওই তেঁতুল গাছগুলো গর্বের সাথে দেখান, যা শত শত বাদুড়ের আবাসস্থল। এই প্রাণীগুলো শকুনজোলার বাসিন্দাদের কাছে পরিবারের সদস্যের মতোই প্রিয়।

বাদুড়গুলোর যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে গ্রামবাসীরা সর্বক্ষণ সতর্ক থাকেন। বহিরাগত শিকারি বা অসাধু ব্যক্তিরা যাতে এই প্রাণীগুলোকে বিরক্ত করতে বা তাদের দিকে ঢিল ছুঁড়তে না পারে, তার জন্য সব সময় নজরদারি চালান। এমনকি তীব্র গরম বা প্রাকৃতিক দুর্যোগের সময়ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন, যাতে বাদুড়গুলোর খাবার বা জলের অভাব না হয়।

আরও পড়ুন: কলকাতা থেকে দিঘা যাওয়ার সরকারি এসি বাস, মহিলাদের ফ্রি, জানুন রুট ও সময়সূচি

উল্লেখ্য, পরাগায়ন ও বীজ বিস্তরণের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে বাদুড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো সরকারি আর্থিক সহায়তা ছাড়াই, কেবল প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ও পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া মূল্যবোধ টিকিয়ে রেখে শকুনজোলার মানুষরা এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্যপ্রাণী সংরক্ষণ ও বংশ পরম্পরায় চলে আসা উদ্যোগটি সমগ্র রাজ্যের প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

আরওBatsHooghly
google button