SSR-এও অতিরিক্ত ইনসেনটিভ পেতে পারেন BLO-রা, কত টাকা? জানুন

Published:

BLO

আনিষা চৌধুরী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির একেবারে প্রাথমিক স্তরে দায়িত্ব সামলান বুথ লেভেল অফিসার বা BLO (Booth Level Officer)-রা। নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে বুথ স্তরে তাঁরাই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। সাধারণত সরকারি ও আধা সরকারি কর্মীদের মধ্য থেকে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) তাঁদের নিযুক্ত করেন। শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েত কর্মী, স্বাস্থ্যকর্মী-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা এই দায়িত্ব পেতে পারেন।

কত পারিশ্রমিক পান একজন BLO?

BLO-দের কাজের পরিধিও যথেষ্ট বিস্তৃত। ভোটার তালিকায় নতুন নাম তোলা, নাম বা ঠিকানা সংশোধন, মৃত ও স্থানান্তরিত ভোটারদের তথ্য যাচাই, প্রয়োজনীয় ফর্ম পূরণে ভোটারদের সাহায্য করা এবং নথিপত্রের তথ্য যাচাইয়ের মতো দায়িত্ব পালন করেন তাঁরা। পাশাপাশি, বিশেষ প্রচার অভিযান ও শিবিরের মাধ্যমে ভোটারদের সচেতন করা এবং সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সমন্বয় রাখাও তাঁদের কাজের অন্তর্ভুক্ত।

এবার আসা যাক পারিশ্রমিকের কথায়। ২০২৫ সালে SIR-এর কাজে নিযুক্ত BLO-দের জন্য ৬,০০০ টাকা বিশেষ ইনসেনটিভ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। অন্যদিকে, ২ অগস্ট ২০২৫-এর বিজ্ঞপ্তিতে BLO-দের বার্ষিক পারিশ্রমিক দ্বিগুণ করে ৬,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা করা হয়। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের ইনসেনটিভও ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, নিয়ম অনুযায়ী বার্ষিক পারিশ্রমিক ১২ হাজারের পাশাপাশি সংশোধনের কাজে ২,০০০ টাকা ইনসেনটিভ পান BLO-রা। অর্থাৎ বছরে ১৪ হাজার টাকা পেয়ে থাকেন তাঁরা।

উল্লেখ্য, ২৪ জুলাই ২০২৫-এর ECI-র নির্দেশিকাতেও SSR/SR এবং অন্যান্য বিশেষ কর্মসূচির জন্য BLO-দের ২,০০০ টাকা বিশেষ ইনসেনটিভ দেওয়ার কথা জানানো হয়েছিল। অর্থাৎ, SIR-এর জন্য দেওয়া হয়েছিল ৬,০০০ টাকা এবং SSR-এর জন্য নির্ধারিত হয়েছে ২,০০০ টাকা।

আরও পড়ুন: ‘আপনি এই চেয়ারে বসার যোগ্য নন’ ভরা এজলাসে শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

তবে এই দায়িত্ব পালন মোটেও সহজ নয়। নিয়মিত সরকারি কাজের পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের অতিরিক্ত দায়িত্ব সামলাতে হয় BLO-দের। এর মধ্যেই ১৫ অক্টোবর ২০২৬-এর বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SSR-এর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১২ নভেম্বর খসড়া তালিকা প্রকাশ করা, ১১ ডিসেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জমা দেওয়া এবং ৪ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে এই কর্মসূচিতেও BLO-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

google button