সৌভিক মুখার্জী, কলকাতা: দলত্যাগ বিরোধী আইনের নোটিশের জবাব দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাড়তি সময় পাবেন না তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদরা (NCPI MPs)। লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্ট জানিয়েছেন যে আগামী ২৪ নভেম্বরের মধ্যেই নোটিশের জবাব দিতে হবে। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য করা যাবে না বলেই জানানো হয়েছে।
নোটিশের জবাব দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন স্পিকার
তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে পরবর্তী সময়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারসহ মোট ২০ জন সাংসদ। দলত্যাগ বিরোধী কাজের অভিযোগে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ওই ২০ জন সাংসদদের পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে আবেদন জানান। আর সেই আবেদনের ভিত্তিতেই স্পিকার তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে জানতে চান যে কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না।
এদিকে নোটিশের উত্তর দেওয়ার বদলে বারবার স্পিকারের কাছে সময় চেয়েছিলেন ওই সাংসদরা। এর আগে তৃতীয় দফার সময়সীমা শেষ হয়েছিল গত ২৯ অক্টোবর। পরবর্তী সময় দীপাবলি ও ছটপুজোর অজুহাতে ৩ নভেম্বর পর্যন্ত বাড়তি সময় চাওয়া হয়। তবে এবার সব টালবাহানা বন্ধ করে আগামী ২৪ নভেম্বরকেই শেষ দিন হিসেবে বেঁধে দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এই দিনের মধ্যে জবাব না এলে স্পিকার কী পদক্ষেপ নেন তা নিয়েই এখন শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: পুরভোট নিয়ে অনিশ্চয়তা, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
আবার অন্যদিকে আসন্ন শীতকালীন অধিবেশনের আগে নভেম্বরে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলেও খবর। আর এই বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। চলতি বছরে বিলটি পাস করা হলেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে তা পাস করানো সম্ভব হয়নি। বিলটি পাস করাতে লোকসভায় অন্তত ৩৬০ জন সাংসদের সমর্থনও প্রয়োজন। তবে সাংসদ মালা রায়ের মতে, ডিলিমিটেশন বিল পাস করানোর মতো সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যেই এনডিএ জোগাড় করে ফেলেছে। প্রধানমন্ত্রী এবং অমিত শাহ সুপরিকল্পিত ভাবেই এগোচ্ছেন বলে বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে।










