অনন্যা সরকার, কলকাতা: কলেজের শিক্ষকদের শিল্পক্ষেত্রে কাজ করার এবং নতুন প্রযুক্তি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে সরকার। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) তাদের ইন্ডাস্ট্রি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬-২৭ (Industry Fellowship Programme 2026-27)-এর দ্বিতীয় পর্বের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। এই ফেলোশিপ প্রোগ্রামের অধীনে, নির্বাচিত শিক্ষকরা এক বছরের জন্য কোনো শিল্পক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে তাঁরা প্রতি মাসে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন এবং তাঁদের বর্তমান প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতনও চালু থাকবে।
১ বছরের ফেলোশিপে কারিগরি ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ
এই ফেলোশিপের লক্ষ্য হলো কলেজে প্রদত্ত কারিগরি শিক্ষা (Technical Study) এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির মধ্যেকার ব্যবধান দূর করা। শিক্ষকরা বিভিন্ন কোম্পানিতে কাজ করলে তাঁরা ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে জানবেন, গবেষণা পরিচালনা করতে পারবেন ও শিল্পক্ষেত্রের চাহিদাগুলো সম্পর্কেও অবগত হবেন।
শিক্ষকদের এই কারিগরি শিক্ষাদানের জন্য এআইসিটিই এবং কাউন্সিলের অন্তর্ভুক্ত সংস্থাগুলিই অর্থ যোগান দেবে। তাঁরা এক বছরের জন্য শিল্পক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। ফেলোশিপের জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা দেওয়া হবে, এর মধ্যে ৭৫,০০০ টাকা এআইসিটিই এবং কমপক্ষে ২৫,০০০ টাকা ইন্ডাস্ট্রি পার্টনার প্রদান করবে। ফেলোশিপ চলাকালীন কলেজ থেকেও নিয়মিত বেতন পাবেন শিক্ষকরা, যার ফলে চাকরি না ছেড়েই কারিগরি ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।
আরও পড়ুন: আত্মীয়দের ছাড়তে এসে বন্দে ভারতে আটকা পড়ল ১২ জন, দিতে হল ৩৬,০০০ টাকা ফাইন
কারা আবেদন করতে পারবেন?
এআইসিটিই পরিচালিত ইন্ডাস্ট্রি ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাঁদের এআইসিটিই-স্বীকৃত প্রতিষ্ঠানের সাথে নিয়মিত শিক্ষক হিসাবে যুক্ত থাকতে হবে। একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি ও কমপক্ষে পাঁচ বছরের ফুলটাইম শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে, পিএইচডি (Ph.D), পোস্ট-ডক্টরাল গবেষণা বা ডেপুটেশনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতার অন্তর্ভুক্ত হবে না।
এছাড়া, প্রার্থীদের বয়স ১৩ নভেম্বর, ২০২৬ তারিখ অনুযায়ী ৫০ বছর বা তার কম হতে হবে। পার্টটাইম, কন্ট্রাকচুয়াল, অ্যাডহক, টেম্পোরারি এবং ভিজিটিং ফ্যাকাল্টি সদস্যরা এই ফেলোশিপের জন্য যোগ্য নন। যোগ্য শিক্ষকরা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এআইসিটিই-এর অফিসিয়াল পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামটি শিক্ষকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প-কেন্দ্রিক, আধুনিক ও ব্যবহারিক শিক্ষার সাথে সংযুক্ত করবে।










