প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির শেষ পাতে মিষ্টি (Sweet) না হলে খাবারটা ঠিক জমে না। সবসময় কি আর এত ডায়েট নিয়ে ভাবলে চলে? এদিকে আবার রোজ রোজ একই মিষ্টি খেতে একদমই ভালোবাসে না অনেকেই। কিন্তু তাতে কি? এখন আপনিও বাড়িতে থাকা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন দারুণ এক মিষ্টির রেসিপি। আর সেটি হল মাখান্ডি হালু (Makhandi Halu)। আজকের প্রতিবেদনে সেই রেসিপিটি বিস্তারিতভাবে দেওয়া হল।
উপকরণ
মাখান্ডি হালু বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- পেস্তা বাদাম, কাজু, আমন্ড, কিসমিস, সুজি, চিনি, চালমগজ, দুধ, ঘি, চিনি গুঁড়ো।
রান্নার পদ্ধতি
বলা হত এই মাখান্ডি হালু বিশেষ করে রানীরা বানাত তাঁদের রাজাদের জন্য। রুপোর বাটিতে করে সেটি পরিবেশন করা হত। কিন্তু এখন সেই খাবার ঘরে ঘরে বানানো হয়। তাহলে চলুন রেসিপিটি বানানোর পদ্ধতি জেনে নেওয়া যাক।
- প্রথমে একটি পাত্রে ৫০০ মিলি দুধ ঢেলে নিতে হবে। তার মধ্যে হাফ বাটি সুজি ঢেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অন্তত ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। যাতে সুজিটা ফুলে যায়।
- কড়াইয়ের মধ্যে এবার ২ চামচ ঘি গরম করে নিতে হবে। তারপর ওর মধ্যে আমন্ড, কাজু বাদাম, পেস্তা বাদাম হালকা করে ভেজে নিতে হবে। ২ মিনিট পর ওগুলোর মধ্যে কিসমিস দিয়ে হালকা ভেজে নিতে হবে।
আরও পড়ুন: ছুটির দিনে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল তন্দুরি চিকেন, রইল রেসিপি
- ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে এলে সেগুলি আলাদা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আরও একটু ঘি দিয়ে ওর মধ্যে সামান্য চিনি নিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে।
- চিনিটা সম্পূর্ণ গরম ঘিয়ের মধ্যে গলে গেলেই ওর মধ্যে সুজি ভেজানো দুধটা ঢেলে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
- ৭-৮ মিনিট টানা মিশ্রণটা নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে নিচ্ছে ততক্ষণ দুধের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে চালমগজ।
- ভালো করে চালমগজ মাখিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে চিনির গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ভালো করে মিশ্রণটা মাখিয়ে নেওয়ার পর স্বাদ আরও দ্বিগুণ করার জন্য ঘি ছড়িয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি মাখান্ডি হালু।










