অনন্যা সরকার, কলকাতা: গত ২৯ অক্টোবর একটি অফিস মেমোরেন্ডাম জারি করেছে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ (Department of Pension and Pensioners’ Welfare)। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগীর মৃত্যুর পর পারিবারিক পেনশন (Family Pension) পাওয়ার ক্ষেত্রে মূল প্রাপক সংক্রান্ত নিয়মগুলি স্পষ্ট করা হয়েছে। ‘সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ২০২১’-এর ৫০ নম্বর ধারা অনুযায়ী, মৃত কর্মচারী বা পেনশনভোগীর আইনত বিবাহিত জীবনসঙ্গী (স্বামী বা স্ত্রী) সাধারণত পারিবারিক পেনশন পাওয়ার প্রথম অধিকারী হন। কর্মচারী যদি অবসর গ্রহণের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সে ক্ষেত্রেও জীবনসঙ্গী নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই পেনশনের যোগ্য হন।
কাদের দেওয়া হয় ফ্যামিলি পেনশন?
কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীর জীবনসঙ্গীর মৃত্যু হলে বা তিনি অযোগ্য প্রাপক হিসেবে বিবেচিত হলে, যোগ্য সন্তানরা ফ্যামিলি পেনশন পেতে পারেন। এর মধ্যে দত্তক সন্তান, সৎ সন্তান, এমনকি কর্মচারী অবসর গ্রহণের পর বা মৃত্যুর পরে জন্মগ্রহণ করা সন্তানরাও অন্তর্ভুক্ত হতে পারে। ২৫ বছরের কম বয়সী যোগ্য সন্তানরা তাদের জন্মের ক্রম অনুসারে এই পেনশন পেয়ে থাকেন, তবে ২৫ বছর পূর্ণ হলে, বিবাহ করলে অথবা তাঁদের নিজস্ব আয়ের উৎস তৈরি হলে পেনশন পাওয়ার যোগ্যতা শেষ হয়ে যায়।
তবে, প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে বয়সের এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়। তারা যতদিন নিজেদের ভরণপোষণ করতে অক্ষম থাকবেন, ততদিন পেনশন পেতে পারেন এবং বিয়ে করলেও তাদের এই যোগ্যতা বাতিল হবে না। এছাড়া, যোগ্য সন্তান না থাকলে, অবিবাহিত, বিধবা বা বিবাহবিচ্ছেদ হওয়া কন্যা, যারা বাবা-মায়ের ওপর নির্ভরশীল এবং যাদের নিজস্ব কোনো আয়ের উৎস নেই, তারাও এই পেনশনের যোগ্য হতে পারেন।
আরও পড়ুন: খুচরোর পর ঊর্ধ্বমুখী পাইকারি মুদ্রাস্ফীতি, আরও দাম বাড়বে জিনিসপত্রের?
দাম্পত্য কলহের ক্ষেত্রে, কোনো মহিলা কর্মচারী বা পেনশনভোগী তার সন্তানদের পেনশন পাওয়ার জন্য মনোনীত করতে পারেন। আর আইনত বিচ্ছেদ হয়ে গেলে, বিচ্ছিন্ন জীবনসঙ্গীর তুলনায় যোগ্য সন্তানদের অগ্রাধিকার দেওয়া হয়। ৫০ নম্বর ধারার উপ-বিধি ৮-এর ‘ই’ (e) থেকে ‘জি’(g) পর্যন্ত অংশ অনুযায়ী ও নির্দিষ্ট শর্তসাপেক্ষে, জীবিত জীবনসঙ্গী, কিছু বিশেষ পরিস্থিতিতে দ্বিতীয় স্ত্রী, বিবাহবিচ্ছেদ হওয়া স্ত্রী অথবা বাতিলযোগ্য বিবাহের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানরাও এই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন।
যদি কোনো যোগ্য জীবনসঙ্গী বা সন্তান না থাকে, তবে নির্ভরশীল বাবা-মা (দত্তক নেওয়া বাবা-মা সহ) পেনশন পেতে পারেন। এক্ষেত্রে, সাধারণত বাবার তুলনায় মাকে অগ্রাধিকার দেওয়া হয়। পরিশেষে, শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী নির্ভরশীল ভাইবোনেরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে ফ্যামিলি পেনশনের অধিকারী হতে পারেন।










