বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের (China) আধিপত্য ধ্বংস করতে আমেরিকার সাথে হাত মেলাচ্ছে ভারত (India)! মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এবং যন্ত্রাংশের সরবরাহকে ড্রাগনের হাত থেকে মুক্ত করতে আমেরিকার নেতৃত্বে হওয়া চুক্তি সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অব এন্ডিউরিং প্রসপারিটিতে যোগ দিয়েছে ভারত। ভারতের পাশাপাশি এই চুক্তির অংশ হয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ইজ়রায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, কাতারের মতো দেশ। ভবিষ্যতে জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশগুলিও এই চুক্তিতে স্বাক্ষর করতে পারে।
চিনের স্বপ্ন শেষ করতে আমেরিকার সাথে গাঁটছড়া ভারতের!
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, উন্নত AI চিপের উপর চিনের নিয়ন্ত্রণ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা। বিশেষ করে এনভিডিয়ার মতো সংস্থার তৈরি অত্যাধুনিক AI চিপ নিয়ে যথেষ্ট চিন্তিত ওয়াশিংটন ডিসি। এই সংস্থাগুলির উপর বেআইনিভাবে চিনে চিপ বাজারের অভিযোগ রয়েছে। ঠিক সেই কারণেই দ্রুত সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আর এসব কিছুর মাঝে AI চিপে চিনের নিয়ন্ত্রণ এবং সেগুলি পাওয়ার ক্ষেত্রে যাবতীয় পদক্ষেপ বানচাল করতে পুরোপুরি তৈরি ট্রাম্পের আমেরিকা।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্প এবং প্রযুক্তিতে চিনের বাড়াবাড়ি আটকাতে আমেরিকার হাত ধরেছে ভারত। যোগ দিয়েছে বিশেষ উদ্যোগে। আর এই গোটা বিষয়টিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সবচেয়ে বড় কথা, যেখানে দীর্ঘ সময় পেরিয়ে ড্রাগনের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ভারতের, সেই পর্বে নয়া দিল্লির এমন পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ৫ বছর পর আফগানিস্তানের আকাশে উড়ল তালিবানের সামরিক জেট, সাহায্য করেছে ভারত?
প্রসঙ্গত, বিরল খনিজ সম্পদ থেকে শুরু করে তথ্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে নিজের অবস্থান পোক্ত করার পাশাপাশি একাধিপত্য বিস্তার করতে মরিয়া ড্রাগন। তাতেই আপত্তি রয়েছে ভারত, আমেরিকা সহ একাধিক দেশের। ঠিক সে কারণেই, জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের দিকে নজর রেখেই বিশেষ জোটে যোগ দিয়েছে নরেন্দ্র মোদির ভারত। বিশেষজ্ঞ মহলের কেউ কেউ মনে করছেন, এই চুক্তিতে যোগ দেওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রযুক্তি সরবরাহে ভারতের অবস্থান অনেকটাই মজবুত হতে পারে।










