সহেলি মিত্র, কলকাতাঃ শীতের মাঝে ভিলেন হয়ে দাঁড়িয়েছে নতুন ঘূর্ণিঝড়। নতুন দুর্যোগের জেরে সমুদ্র এতটাই উত্তাল হয়ে উঠেছে যে আজ থেকে আগামী ২০ নভেম্বর অবধি মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। তবে আজ থেকেই কি জেলায় জেলায় বৃষ্টির (Weather Today) সম্ভাবনা রয়েছে? উত্তর হল হ্যাঁ। কিন্তু কোন কোন জেলায়? চলুন জেনে নিই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে। নিম্নচাপের প্রভাবে এখন সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছে। বেগ ৫০ থেকে ৬৫ কিলোমিটারের মধ্যে থাকবে উপকূলের জেলাগুলিতে। যদিও এদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
লেটেস্ট আপডেট অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছেন অতি গভীর নিম্নচাপ। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর আজ সন্ধের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২০ নভেম্বর দুপুরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও ড়্যনির মধ্যবর্তী স্থানে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। উপকূল অতিক্রম করার সময়ে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিমি থাকতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১৪৫ কিমি অবধি পৌঁছাতে পারে।
আরও পড়ুনঃ আত্মীয়দের ছাড়তে এসে বন্দে ভারতে আটকা পড়ল ১২ জন, দিতে হল ৩৬,০০০ টাকা ফাইন
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) প্রসঙ্গে বললে, এদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া এদিন শুষ্ক থাকবে।
আগামীকালের আবহাওয়া
বুধবার থেকেই বদলে যাবে সমগ্র বাংলার আবহাওয়া। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়া জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিনও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় খুব সামান্য বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এরপর বৃহস্পতিবার থেকে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।










