চন্দননগরের আলোকসজ্জা থেকে বনেদিবাড়ির সাবেকিয়ানা! বাংলার চার জগদ্ধাত্রী পুজোর অজানা ইতিহাস

Published:

Jagaddhatri puja

আনিষা চৌধুরী, কলকাতা: বাংলার বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম পার্বণ বা উৎসব হলো জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja)। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দেবী জগদ্ধাত্রীর আরাধনায় মেতে ওঠেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। চন্দননগরের চোখধাঁধানো আলোকসজ্জা, কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী পুজো কিংবা কলকাতার বিভিন্ন বারোয়ারি মণ্ডপের বিপুল জনসমাগম, সব মিলিয়ে বাংলার উৎসবের ক্যালেন্ডারে জগদ্ধাত্রী পুজোর গুরুত্ব বরাবরই আলাদা। তবে বড় মণ্ডপ, আলোর বাহার কিংবা দর্শনার্থীদের ভিড়ের বাইরেও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বনেদি পরিবারের ইতিহাস, আধ্যাত্মিক বিশ্বাস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য। তেমনই চারটি উল্লেখযোগ্য পুজো হল কলকাতার বউবাজারের নৃত্য ভবন, কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা, জয়রামবাটির জগদ্ধাত্রী আরাধনা এবং শান্তিপুরের বেড়পাড়ার রায়বাড়ির পুজো।

বউবাজারের নৃত্য ভবন:

পাঁচ প্রজন্মের ঐতিহ্যে আজও অমলিন দুশো বছরের আরাধনা!

ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায়, “জগতকে যিনি ধরে রাখেন তিনিই মা জগদ্ধাত্রী।” এই বিশেষ তিথিতেই মা সারদামণিকে জগদ্ধাত্রী রূপে পুজো করেছিলেন ঠাকুর। সেই আধ্যাত্মিক আবহের পাশাপাশি কলকাতার বনেদি বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাসেও বিশেষ জায়গা করে নিয়েছে মধ্য কলকাতার বউবাজারের নৃত্য ভবন। ৪৮ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বাবুরাম শীল লেনের এই বাড়িতে পাঁচ প্রজন্ম ধরে নিষ্ঠার সঙ্গে চলে আসছে দেবীর আরাধনা। এখানে উৎসবের মূল আকর্ষণ জাঁকজমক নয়, বরং পুরনো ঠাকুরদালান, পারিবারিক রীতিনীতি এবং দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রাখার আন্তরিক প্রচেষ্টা।

দত্ত পরিবারে এই পুজোর সূচনাবর্ষ নির্দিষ্ট করে জানা না গেলেও এর বয়স যে দুশো বছর পেরিয়েছে, তা পরিবারের ইতিহাসে চোখ রাখলেই বোঝা যায়। পরিবারের আদি পুরুষ বলাইচাঁদ দত্ত প্রথম এই পুজো শুরু করেন। গোড়ার দিকে ১৩ নম্বর বাবুরাম শীল লেনের বাড়িতেই দেবীর আরাধনা হত। পরবর্তীকালে তাঁর জ্যেষ্ঠপুত্র নৃত্যলাল দত্ত ১০ নম্বর বাবুরাম শীল লেনে তিন খিলানবিশিষ্ট ঠাকুরদালান-সহ একটি বড় অট্টালিকা নির্মাণ করেন। এরপর সেখানেই স্থানান্তরিত হয় পুজো। নৃত্যলাল দত্তের নাম থেকেই বাড়ির নামকরণ হয় ‘নৃত্য ভবন’।

নৃত্য ভবনের জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জা ও রূপেও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ডাকের সাজের সঙ্গে স্বর্ণালংকারে সজ্জিত দেবী এখানে চতুর্ভুজা। তাঁর চার হাতে শোভা পায় শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। দেবীর বাহন সিংহের পদতলে রয়েছে হস্তিমুণ্ড। প্রতিমার দু’পাশে থাকেন জয়া ও বিজয়া। দেবীর শান্ত, স্নিগ্ধ এবং প্রসন্ন মুখাবয়ব এই সাবেকি প্রতিমার অন্যতম আকর্ষণ।

পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয় মূল পুজোর আগের দিন সন্ধ্যায়। আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দেবী আরাধনার প্রস্তুতি সম্পন্ন হয়। পরদিন সকালে পরিবারের ঠাকুরবাড়ি থেকে নারায়ণ, সরস্বতী ও লক্ষ্মীকে নৃত্য ভবনে নিয়ে আসা হয়। এরপর প্রাণপ্রতিষ্ঠা ও চক্ষুদানের মাধ্যমে দেবীর আবাহন করা হয়। সপ্তমী, অষ্টমী, সন্ধিপুজো এবং নবমীর সমস্ত আচার একই দিনে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়। সন্ধিপুজোর সময় ১০৮টি প্রদীপ জ্বালানোর রীতি গোটা পরিবেশকে এক বিশেষ ধর্মীয় আবহে ভরিয়ে তোলে।

এই পুজোর সঙ্গে সুবর্ণবণিক সম্প্রদায়ের কিছু নিজস্ব সামাজিক ও ধর্মীয় রীতিও জড়িয়ে রয়েছে। অষ্টমী ও সন্ধিপুজোর মধ্যবর্তী সময়ে বাড়ির মহিলারা সরা ও মালসা হাতে সারিবদ্ধভাবে ধুনো পোড়ান। পুজো হয় বৈষ্ণব মতে, তাই এখানে পশুবলির কোনও প্রচলন নেই। দীর্ঘদিন ধরে পুজোর ব্যয়ভার বহনের জন্য একটি নির্দিষ্ট বাড়ির ভাড়া থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করা হয় বলে জানা যাচ্ছে।।

নৃত্য ভবনের দশমী পর্বেও রয়েছে বেশ কিছু আবেগঘন পারিবারিক প্রথা। প্রথমে দর্পণে দেবীর চরণ দর্শন করা হয়। এরপর প্রতিমাকে বেদি থেকে নামিয়ে বাড়ির উঠোনে আনা হয়। সেখানে পরিবারের মহিলারা দেবীকে বরণ করেন এবং সিঁদুর খেলায় অংশ নেন। সবশেষে পরিবারের প্রবীণ সদস্য দেবীর পা ধুইয়ে দেন। তারপর নিভৃতে দেবীর কানে কানে পরের বছর আবার ফিরে আসার প্রার্থনা জানান তিনি। এই বিশেষ মুহূর্তে পরিবারের অন্য কারও উপস্থিতি থাকে না। এরপর কাঁসার জল দিয়ে দেবীকে বিদায় জানানোর রীতি রয়েছে।

একসময় নৌকায় করে প্রতিমাকে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হত। তবে বর্তমানে প্রশাসনিক অনুমতি ও ব্যবস্থার পরিবর্তনের কারণে সেই পুরনো প্রথা আর পালন করা সম্ভব হয় না। সময়ের সঙ্গে বিসর্জনের পদ্ধতিতে বদল এলেও পরিবারের বিশ্বাস ও আবেগে কোনও পরিবর্তন আসেনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুজোকে বাঁচিয়ে রাখার মধ্যেই যেন নৃত্য ভবনের আসল ঐতিহ্য। দেবীকে বিদায় জানানোর সময় তাই প্রতিবারই উচ্চারিত হয় সেই চেনা প্রার্থনা, ‘আবার এসো মা’।

কৃষ্ণনগরের বুড়িমা:

মানতের সোনার গয়নায় সাজেন আড়াইশো বছরের আরাধ্য দেবী!

জগদ্ধাত্রী পুজোর কথা উঠলে নদিয়ার কৃষ্ণনগরের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় থেকেই এই অঞ্চলে দেবীর আরাধনার প্রসার ঘটেছিল বলে প্রচলিত ইতিহাসে জানা যায়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় কৃষ্ণনগরের চাষাপাড়ার বারোয়ারি পুজো আজ ‘বুড়িমার পুজো’ নামে বিশেষ পরিচিত। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৭৭২ সালে এই পুজোর সূচনা হয়। প্রথমদিকে দেবী ‘চাষা মা’ নামে পরিচিত থাকলেও পরবর্তীকালে ভক্তদের মুখে মুখে ‘বুড়িমা’ নামটি জনপ্রিয় হয়ে ওঠে। নাম পরিবর্তনের নির্দিষ্ট ঐতিহাসিক দলিল না থাকলেও এই নামকে ঘিরে নানা লোককাহিনি প্রচলিত রয়েছে।

বুড়িমার পুজোর অন্যতম আকর্ষণ দেবীর বিপুল স্বর্ণালংকার। ভক্তদের মানত পূরণ হলে তাঁরা দেবীকে সোনার গয়না নিবেদন করেন। সেই প্রথার ধারাবাহিকতায় দেবীর অলংকারের সংগ্রহ ক্রমশ সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে প্রতিমার গায়ে প্রায় ১০ থেকে ১২ কেজি সোনার গয়না থাকার কথা উল্লেখ করা হয়েছে। এই অলংকারের পিছনে রয়েছে অসংখ্য ভক্তের ব্যক্তিগত প্রার্থনা, মানত এবং কৃতজ্ঞতার ছোঁয়া। বর্তমানে চাষাপাড়ার এই পুজোকে কেন্দ্র করে শুধু কৃষ্ণনগর নয়, দেশ-বিদেশের বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। রাজবাড়ির সাবেকি পুজো এবং শহরের অন্যান্য আরাধনার পাশাপাশি বুড়িমার পুজো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

জয়রামবাটি:

শ্যামাসুন্দরী দেবীর স্বপ্ন থেকে শুরু সারদা মায়ের পারিবারিক আরাধনা!

বাঁকুড়ার জয়রামবাটির জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় আচার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীশ্রী সারদা দেবী এবং তাঁর মা শ্যামাসুন্দরী দেবীর স্মৃতি। প্রচলিত কাহিনি অনুযায়ী, পারিবারিক পরিস্থিতি এবং নৈবেদ্যের জন্য চাল সংগ্রহকে কেন্দ্র করে একসময় শ্যামাসুন্দরী দেবী মানসিক সংকটের মধ্যে পড়েছিলেন। সেই সময় স্বপ্নে দেবী জগদ্ধাত্রী তাঁকে আশ্বাস দেন বলে ভক্তদের বিশ্বাস। এরপরই জয়রামবাটিতে এই আরাধনার সূচনা হয়।

স্বামী গম্ভীরানন্দের লেখা “Holy Mother Sri Sarada Devi” গ্রন্থের কালপঞ্জি অনুযায়ী, ১৮৭৫ সালের নভেম্বর মাসে এই পুজো শুরু হয়েছিল। পুজোর আয়োজন থেকে শুরু করে অতিথি ও ভক্তদের সেবা, বিভিন্ন কাজে সারদা দেবী নিজে অংশ নিতেন। এমনকি বাসনপত্র পরিষ্কারের কাজেও তাঁর ভূমিকা ছিল বলে জীবনীগ্রন্থে উল্লেখ রয়েছে। পরবর্তীকালে পুজোর ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রায় সাড়ে তিন একর ধানজমির ব্যবস্থা করেন এবং সেই জমির আয় থেকে পুজোর খরচ চালানোর জন্য ট্রাস্টের ব্যবস্থা করেন। বর্তমানে জয়রামবাটির মাতৃমন্দিরে রামকৃষ্ণ মঠের উদ্যোগে তিন দিন ধরে এই পুজো অনুষ্ঠিত হয়। প্রতিমার দু’পাশে জয়া ও বিজয়ার উপস্থিতিও এখানকার বিশেষ বৈশিষ্ট্য।

শান্তিপুরের বেড়পাড়ার রায়বাড়ি:

দেশভাগের স্মৃতি বাঁচিয়ে রাখা একটি ইটের গল্প!

নদিয়ার শান্তিপুরের বেড়পাড়ার রায়বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাসে রয়েছে দেশভাগের যন্ত্রণা এবং পূর্বপুরুষের ভিটের প্রতি টান। স্থানীয় ইতিহাসভিত্তিক বিবরণ অনুযায়ী, ১৯০০ সালে তৎকালীন পূর্ববঙ্গের রাজশাহী জেলার ঘোড়ামাড়ায় প্রহ্লাদচন্দ্র রায় এই পুজোর সূচনা করেন। সেখানে একটি পুরনো বেদিতে আগে থেকেই দেবীর আরাধনা হত। সেই বেদিতেই পুজোর দায়িত্ব নিয়ে প্রথাটি চালু রাখেন প্রহ্লাদচন্দ্র। তাঁর মৃত্যুর পর পরিবারের পরবর্তী প্রজন্ম এই ঐতিহ্য বহন করে।

১৯৪৭ সালের দেশভাগের পর পরিস্থিতির চাপে ১৯৪৮ সালে রায় পরিবার ঘোড়ামাড়া ছেড়ে শান্তিপুরের বেড়পাড়ায় চলে আসে। কিন্তু পুরনো বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা পুজোর স্মৃতি তাঁরা হারাতে চাননি। তাই আদি বাড়ির বেদি থেকে একটি ইট সঙ্গে করে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেই ইটকে কেন্দ্র করেই শান্তিপুরে নতুন পুজোর বেদি তৈরি হয়। দেশভাগে ঠিকানা বদলালেও এভাবেই অক্ষুণ্ণ থাকে দেবীর আরাধনা।

আজও রায়বাড়ির পুজোয় ডাকের সাজে দেবীকে সাজানো হয়। পরিবারের মহিলারা নিজের হাতে ভোগ প্রস্তুত করেন। দশমীতে বরণ ও সিঁদুর খেলার মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ আচার। পরিবারের কাছে এই পুজো শুধুই ধর্মীয় উৎসব নয়, বরং হারিয়ে যাওয়া ভিটেমাটি, পূর্বপুরুষ এবং শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

কৃষ্ণনগরের বুড়িমার পুজোয় যেমন ভক্তির প্রকাশ ঘটে মানতের স্বর্ণালংকারে, তেমনই জয়রামবাটির আরাধনায় মিশে রয়েছে সারদা মায়ের জীবন ও সাধনার স্মৃতি। শান্তিপুরের রায়বাড়ির পুজো দেশভাগের যন্ত্রণা পেরিয়ে শিকড়কে আঁকড়ে থাকার গল্প বলে। অন্যদিকে বউবাজারের নৃত্য ভবন প্রমাণ করে, সময় বদলালেও পারিবারিক বিশ্বাস ও ঐতিহ্য কীভাবে পাঁচ প্রজন্ম ধরে বেঁচে থাকতে পারে।

আরও পড়ুন: পুরভোট নিয়ে অনিশ্চয়তা, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

চারটি পুজোর ইতিহাস আলাদা, স্থান আলাদা, রীতিনীতিও কিছুটা ভিন্ন। তবু প্রত্যেকটির মধ্যে একটি গভীর মিল রয়েছে। দেবী আরাধনার পাশাপাশি স্মৃতি, উত্তরাধিকার এবং পারিবারিক বন্ধনকে বাঁচিয়ে রাখার চেষ্টা এই চারটি পুজোতেই পরিলক্ষিত। কোথাও সেই ঐতিহ্য মানতের গয়নায়, কোথাও মায়ের স্বপ্নে, কোথাও দেশভাগের ওপার থেকে বয়ে আনা একটি ইটে, আবার কোথাও পুরনো ঠাকুরদালানে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পুজোর আচার-অনুষ্ঠানে সমর্পিত রয়েছে। তাই এই জগদ্ধাত্রী পুজোগুলি শুধু উৎসবের পরিচয় বহন করে না, বহন করে বাংলার পারিবারিক ইতিহাস ও সংস্কৃতির এক মূল্যবান অধ্যায়।

google button