অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় খাবারে ধনেপাতা (Coriander Leaves) একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। রান্নার শেষে ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই তা খাবারে যোগ করে এক অন্য মাত্রা। আগে বাজারে গেলে এই পাতা অনেক সময় বিক্রেতারা অন্যান্য সবজির সাথে বিনামূল্যেই দিয়ে দিতেন, তবে এখন তার জো নেই। এখন রীতিমতো গাঁটের কড়ি খরচ করে ধনেপাতা কিনতে হয়। তবে বাড়িতে খুব সহজেই ধনেপাতা চাষ করতে পারেন। তারজন্য বেশি জায়গা বা পরিচর্যার দরকার নেই। ছোট ৫ লিটারের একটি প্লাস্টিকের পাত্রের মধ্যেও ধনেপাতা গাছ বসানো যায়। তবে গাছের ভালো বৃদ্ধির জন্য মাটি প্রস্তুতি করা বিশেষভাবে জরুরি। কীভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক।
ধনেপাতার ভালো ফলনের জন্য মাটি প্রস্তুত করার পদ্ধতি
ধনেপাতা গাছ লাগানোর আগে যদি মাটিতে কোকোপিট বা নারকেল ছোবড়ার সার মেশানো যায়, তাহলে ভালোভাবে গাছের বৃদ্ধি হতে পারে। কোকোপিট তৈরি করা খুবই সহজ। এর জন্য কিছুটা নারকেলের ছোবড়া ২৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর নরম হয়ে আসলে জল থেকে তুলে সেগুলোকে ছাড়িয়ে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে চাইলে শুকনো ছোবড়া থেকেও কোকোপিট বানিয়ে নেওয়া যায়।
এরপর মাটি প্রস্তুত করার জন্য একটি গামলার মধ্যে শুকনো ঝুরঝুরে মাটি নিয়ে তার মধ্যে কোকোপিট, ডিমের খোসার গুঁড়ো, শুকনো গোবর সার এবং ছাই মিশিয়ে নিতে হবে। ধনেপাতা চাষ সাধারণ মাটিতেও হয়, তবে এভাবে মাটি প্রস্তুত করে বীজ বপন করলে গাছের জার্মিনেশন (Germination) বা অঙ্কুরোদগম দ্রুত হয়। খুব সামান্য জায়গাতেই ধনেপাতা চাষ করা যায়।
আরও পড়ুন: বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে ব্যাপক সাফল্য, লক্ষাধিক আয় সোনারপুরের মৎস্য চাষির
মাটি প্রস্তুত করে নেওয়ার পর একটি পাঁচ লিটারের ছোট কৌটোকে মাঝখান থেকে আড়াআড়িভাবে কেটে নীচের অংশে কিছু ছিদ্র করে নিতে হবে, যাতে অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারে। এরপর এই পাত্রটির মধ্যে কলা গাছের শুকনো বাকল, কিংবা শুকনো পাতা বা খড় বিছিয়ে দিতে হবে। এগুলো ধীরে ধীরে পচে গিয়ে জৈব সারের কাজ করবে। এরপর তৈরি করে রাখা মাটি দিয়ে পাত্রটি পূর্ণ করতে হবে। এরপর মাটির উপরিভাগ জল দিয়ে ভিজিয়ে তার ওপর বীজ ছড়িয়ে দিতে হবে।
বীজ ছড়ানোর পর ওপর থেকে পাতলা মাটির আস্তরণ বিছিয়ে আবারো কিছুটা জল ছড়িয়ে দিতে হবে। বীজ বপনের পর ওপরের মাটির স্তর পাতলা রাখলে তাড়াতাড়ি চারা বের হয়। পাত্রটিকে সূর্যালোক পৌঁছায় এমন জায়গায় রেখে দিতে হবে। ৭ থেকে ৮ দিনের মধ্যেই চারা বের হতে শুরু করবে এবং ২৫ দিনের মধ্যেই চারাগুলি থেকে ব্যবহারের উপযুক্ত পাতা মিলবে। এইভাবে খুব সহজেই বাড়িতে ধনেপাতার চাষ করা যায়।










