অনন্যা সরকার, বৈধ বিমা (Insurance) নেই এমন যানবাহন ন্যাশনাল হাইওয়ের টোল প্লাজায় (Toll Plaza) শনাক্ত হলেই সঙ্গে সঙ্গেই সেগুলোর বিরুদ্ধে জারি করা হতে পারে ‘ই-চালান’ (eChallan)। এক্ষেত্রে যানবাহনের কোনও বাছবিচার করা হবে না। মোটরসাইকেল থেকে শুরু করে ট্রাক বা ডাম্পারের মতো সব ধরনের যানবাহনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে চলেছে। কেননা মোটরযান আইন (Motor Vehicle Act) অনুযায়ী, বিমা ছাড়া পাবলিক রোডে গাড়ি চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কীভাবে শনাক্ত করা হবে বিমাহীন গাড়িগুলোকে?
টোল প্লাজায় থাকা ই-ডিটেকশন সিস্টেম এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে গাড়ির নম্বর প্লেট অথবা ফাস্টট্যাগ (FASTag) স্ক্যান করা হবে। এরপর সেই তথ্য সরকারি বাহন (Vahan) ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় যে বিমা, ফিটনেস সার্টিফিকেট কিংবা পলিউশন আন্ডার কন্ট্রোল (PUC) সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা সেগুলো উপলব্ধ নেই, তবে গাড়ির মালিকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে একটি ই-চালান পাঠিয়ে দেওয়া হবে।
বিমা ছাড়া গাড়ি চালানোর অপরাধ প্রথমবার করলে প্রায় ২,০০০ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। তবে, পরবর্তী অপরাধের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ দ্বিগুণ হতে পারে। চার চাকার গাড়ির ক্ষেত্রে, মালিকের ফাস্টট্যাগ অ্যাকাউন্ট থেকে সরাসরি জরিমানার টাকা কেটে নেওয়া হতে পারে। এছাড়া, নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া জরিমানা পরিশোধ না করলে, মালিকের ঠিকানায় আইনি নোটিশও পাঠাতে পারে ট্রাফিক বিভাগ।
আরও পড়ুন: সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রশাসনের মতে, বিমা মূলত চালক ও গাড়ির মালিকের সুরক্ষার জন্য প্রয়োজন। কোনো পথ দুর্ঘটনা ঘটলে, যদি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির বিমা না থাকে তাহলে ক্ষতিপূরণ পাওয়া বা আইনি প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জটিল হয়ে পড়ে। বিমার মেয়াদ শেষ হওয়ার আগে সতর্কবার্তা পাঠানো হলেও, অনেক মালিকই তা উপেক্ষা করেন।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় মহাসড়কে অধিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত গতির জন্য জরিমানার নিয়ম আরও কঠোর করা হচ্ছে। গাড়ির অতিরিক্ত গতির কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়েন বহু মানুষ, তাই স্পিড-ডিসপ্লে বোর্ড এবং সিসিটিভি ক্যামেরার নজরদারির মাধ্যমে গাড়ি চালকদের নির্দিষ্ট গতিসীমার মধ্যে রাখার চেষ্টা চলছে। এছাড়া, পুরোনো এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা যানবাহনগুলির ফিটনেস নিয়েও উদ্বেগ রয়েছে। কিছুদিন আগে রায়নাতে যান্ত্রিক ত্রুটির কারণে একটি পুরোনো বাস উল্টে যাওয়ার ঘটনার পর, সরকারি বাসগুলোর ফিটনেস টেস্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
যে সমস্ত বাস আর রাস্তায় চলার উপযোগী নয়, সেগুলোকে ধীরে ধীরে সরিয়ে ফেলার পরিকল্পনাও করা হয়েছে। যাত্রীরা প্রায়শই অভিযোগ করেন যে, যাত্রাপথে বাসগুলো মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ে, যার ফলে তাদের অনেক সময় নষ্ট হয় এবং চরম ভোগান্তির শিকার হতে হয়। এছাড়া, এই পুরনো, রক্ষণাবেক্ষণহীন বাসগুলোর আদৌ কোনো বিমা আছে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ন্যাশনাল হাইওয়েতে নিরাপত্তার জন্য যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও বিমার নথি সঙ্গে রাখা এবং স্পিড লিমিট মেনে চলা আবশ্যক। টোল প্লাজা পার হওয়ার আগে বিমা রিনিউ করা হয়েছে কি না এবং সমস্ত নথিপত্র আপডেটেড রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। না হলেই, ই-চালান বা জরিমানার সম্মুখীন হতে হবে অথবা ফাস্টট্যাগ (FASTag)-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হতে পারে।










