অনন্যা সরকার, কলকাতা: জীবনের চরম প্রতিকূলতাগুলো কখনো কখনো অদম্য ইচ্ছাশক্তির কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। শিবম কুমার পাল হলেন এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত (NEET UG Success Story of Shivam Kumar Paul) । শৈশবে বাবাকে হারানোর পর অনেক সংগ্রাম করতে হয়েছে তাঁকে। পাশে ছিল পরিবার। তাই কিছু করে দেখানোর দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমকে পাথেয় করে দেশের অন্যতম কঠিন সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট (NEET 2026)-এ সফলভাবে উত্তীর্ণ হয়ে শিবম নিজের ডাক্তার হওয়ার স্বপ্নের দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
পথ দুর্ঘটনায় বাবাকে হারানোর পর শুরু জীবনসংগ্রাম
নদীয়ার শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা শিবমের যখন মাত্র তিন বছর বয়স তখন পথ দুর্ঘটনায় তাঁর বাবার মৃত্যু হয়। সে সময় পুরো পরিবারের মাথায় যেন বাজ পড়েছিল। তবে, বাবার মতোই ছোট্ট শিবমকে আগলে রেখেছিলেন ঠাকুমা। পাশে পেয়েছেন কাকাকেও। ফুলিয়া শিক্ষা নিকেতন থেকে স্কুল শিক্ষা সম্পন্ন করেন তিনি। মাধ্যমিকে স্কুলের মধ্যে প্রথম স্থান লাভ করেছিলেন। আর ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর নিয়ে পাস করেন শিবম।
উচ্চ মাধ্যমিকের সময় থেকেই নিটের প্রস্তুতি শুরু করে দেন শিবম। তবে, ২০২৪ সালে নিট পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেননি। তাঁর র্যাঙ্ক ছিল ৭ লক্ষের কাছাকাছি। তবে, হার মানেননি শিবম, পরের বছরের জন্য আবার প্রস্তুতি শুরু করেন। ২০২৫ সালে নম্বর কিছুটা বাড়লেও, র্যাঙ্ক ছিল অনেকটাই পিছনে। ভেবেছিলেন নিটের প্রস্তুতি ছেড়ে দেবেন। কিন্তু শিবমের মা তাঁকে আরেকবার চেষ্টা করার জন্য উৎসাহ দেন। মায়ের কথা মেনে আবারও কঠোর পরিশ্রম করা শুরু করেন।
আরও পড়ুন: কুলির কাজ ও জমি বিক্রি করে ছেলেদের পড়ান বাবা! NEET, JEE-তে বাজিমাত দুই ভাইয়ের
টেস্ট কপি থেকে নিজের ভুলগুলো খুঁজে বের করে, কোচিংয়ের শিক্ষকদের পথনির্দেশনায় কঠিন বিষয়গুলি সহজে বুঝে নিয়ে ২০২৬ সালে তৃতীয়বার নিট পরীক্ষায় বসেন শিবম। অবশেষে আসে সাফল্য, তিনি রি-নিট ২০২৬- এ ৩২০৭৬ র্যাঙ্ক করেন, যা সরকারি মেডিকেল কলেজে তাঁর আসন পাওয়ার পথ প্রশস্ত করে দেয়। শিবম কুমার পালের এই সাফল্য প্রমাণ করে বারংবার ব্যর্থতা সত্ত্বেও অধ্যবসায় ও মানসিক দৃঢ়তার জোরে সাফল্য ঠিকই অর্জন করা যায়।










