বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2027)। তার আগে প্রস্তুতি তুঙ্গে দলগুলির। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই মুহূর্তে নতুন অধিনায়কের খোঁজ করছে। কয়েকটি রিপোর্ট যা বলছে তাতে, ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নিতে ক্যামেরন গ্রিন সহ আরও একজন প্লেয়ারকে ছেড়ে দিতে তৈরি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, গ্রিনের সাথে কার্তিক ত্যাগী বা রমনদীপ সিংয়ের মধ্যে যেকোনও একজনকে ছাড়তে পারে KKR। তাছাড়াও কয়েকটি সূত্র বলছে, কার্তিক ত্যাগীকে এমনিতেও পুনরায় রিটেইন করানোর ইচ্ছে নেই কলকাতার!
কার্তিকের জীবনের অজানা কাহিনী
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কার্তিক ত্যাগীকে 30 লাখ টাকার বেস প্রাইসে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এর আগে অবশ্য IPL এ একাধিক দলের হয়ে খেলেছিলেন তিনি। সেই সব দলে নানান দাম পেয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তবে এই কার্তিককে ক্রিকেটে আনার জন্য বড় ভূমিকা রয়েছে তাঁর বাবার। ভারতীয় ক্রিকেটার বেড়ে উঠেছিলেন উত্তরপ্রদেশের হাপুরের ধনৌরা গ্রামের কৃষক পরিবারে। 2017-18 মরসুমে রঞ্জি ট্রফি খেলতে গিয়ে চোট পান তিনি।
অনেকেই হয়তো জানেন না, ছেলের চিকিৎসা এবং পুনর্বাসনের খরচ চালাতে গিয়ে ব্যাপক আর্থিক সমস্যায় পড়েছিল কার্তিকের পরিবার। তবে তাঁর বাবার স্বপ্ন ছিল, ছেলেকে পুরোপুরি সুস্থ করে একজন বড় মাপের ক্রিকেটার বানাবেন। সেই মতোই, ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে শেষ পর্যন্ত নিজের 2.1 একর জমি বিক্রি করে দিয়েছিলেন পেশায় কৃষক কার্তিক ত্যাগীর বাবা। কয়েকটি ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, ছেলের জন্য পরিচিতদের কাছে কিছু অর্থ ধারও নিতে হয়েছিল তাঁকে। কয়েকটি সূত্র এও জানিয়েছে, জমি বিক্রির টাকায় ছেলের ক্রিকেট সরঞ্জাম কেনার খরচও চালিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: এনগেজমেন্টের পরেই দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে মিমের বন্যা! মিলল পাল্টা জবাবও
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটার কার্তিক ত্যাগীর বাবা যোগেন্দ্র ত্যাগী একেবারে শুরু থেকেই ছেলের ক্রিকেটের স্বপ্ন পূরণের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ছোটবেলায় কার্তিককে অনুশীলনের জন্য উৎসাহ দেওয়া থেকে শুরু করে একজন বড় মাপের ক্রিকেটার হয়ে ওঠা নিয়ে ছেলেকে বারবার বোঝানো, সবই করতেন তিনি। এর আগে কয়েকটি সাক্ষাৎকারে, বাবার অবদানের কথা স্বীকার করেছিলেন নাইট তারকা।










