‘আমি আর বেঁচে ফিরতে পারবো না’ জেলে বসেই চিঠি লিখে জানালেন ইমরান খান

Published:

Imran Khan Letter

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেলবন্দি অবস্থায় মৃত্যুর আশঙ্কায় পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সম্প্রতি নিজের সাথে সাথে স্ত্রী বুশরা বিবির মারাত্মক শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সুপ্রিম কোর্টকে একটি চিঠি লিখেছিলেন তিনি। ইতিমধ্যেই সেই চিঠি প্রকাশ করেছেন ইমরানের আইনজীবী সলমন সফদর। সেখানেই নিজের প্রাণহানির আশঙ্কা এবং দ্রুত চিকিৎসার আর্জি জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। ইমরানের দাবি, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে তাঁর।

চিঠিতে ঠিক কী কী লিখেছেন ইমরান খান?

সুপ্রিম কোর্টকে লেখা চিঠিতে মূলত নিজের এবং নিজের স্ত্রীয়ের শারীরিক অবস্থা নিয়ে ঘোর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি একেবারে স্পষ্ট করে লিখেছেন, তাঁর স্ত্রী জেলবন্দি অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে বুশরা বিবির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা আছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা জানান, “74 বছর বয়স হয়েছে। এখন এই পরিস্থিতি আমাকে এমন একটা জায়গায় ঠেলে দিচ্ছে, যেখান থেকে আমি আর বেঁচে ফিরতে পারবো না!”

ইমরান খান দাবি করেছেন, দীর্ঘ সময় ধরে জেল যাত্রার কারণে তাঁর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়েছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও পরিবারের সাথে যোগাযোগের পথ বন্ধ করে দেওয়া হয়েছে! পরিবারের সাথে ধারাবাহিক যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য মেডিকেল বোর্ড যে সুপারিশ করেছিল সেটাও বাস্তবায়িত হয়নি। সবমিলিয়ে, বর্তমানে জেলবন্দি অবস্থায় প্রাণহানির আশঙ্কা করছেন পশ্চিমের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: লন্ডনে ‘ভারত বিরোধী’ নাহিদ ইসলামের কর্মসূচিতে হামলা চালাল বাংলাদেশিরাই!

উল্লেখ্য, তোষাখানা 2 মামলায় 2025 সালে 17 বছরের সাজা হয়েছিল ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির। যদিও এর আগে 2023 সালের আগস্ট মাস থেকেই রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। যদিও 17 বছরের দীর্ঘ কারাবাসের সাজার রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন ইমরান খানের আইনজীবী। বর্তমানে সেই আবেদন বিচারাধীন রয়েছে।

google button