তারকেশ্বরের পর এবার দুর্গাপুরের জয়জয়কার, কেন্দ্রীয় স্বীকৃতি পাচ্ছে শিল্পনগরী

Published:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: স্বচ্ছতার নিরিখে কিছুদিন আগে কেন্দ্রীয় পুরস্কার পেয়েছিল তারকেশ্বর। আর তার রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। ‘পিএম স্বনিধি’ প্রকল্পের নিষ্ঠাপূর্ণ রূপায়ণের স্বীকৃতি হিসেবে এবার দুর্গাপুরকে (Durgapur) কেন্দ্রীয় সরকারের ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’-এর জন্য নির্বাচন করা হল। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চিঠি পৌঁছতেই এই খবর প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই এই স্বীকৃতিকে (Durgapur PM SVANidhi Award 2026) ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

দুর্গাপুরের জয়জয়কার

সূত্রের খবর, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব ঈশা কালিয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব মহম্মদ গুলাম আলি আনসারিকে একটি চিঠি পাঠিয়ে ছিলেন। যেখানে তিনি লিখেছিলেন যে, “পথবিক্রেতাদের আর্থিক সহায়তা প্রদান এবং তাঁদের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পিএম স্বনিধি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ এবং দুর্গাপুর পুরসভাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।” এই চিঠির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে রাজ্য ও পুরসভার আধিকারিকদের অবদানেরও প্রশংসা করেছে কেন্দ্রীয় মন্ত্রক।

কী বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

কেন্দ্রের এই স্বীকৃতি প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, “পিএম স্বনিধি প্রকল্পের সহায়তায় মহাজনি ঋণের চক্রব্যূহ ভেঙে আমাদের রাজ্যের অসংখ্য পথবিক্রেতা ভাই-বোন আজ জামানতবিহীন ব্যাঙ্ক ঋণ ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে আত্মমর্যাদার সঙ্গে নিজেদের ব্যবসা গড়ে তুলছেন। প্রতিটি পরিবারকে আর্থিক নিরাপত্তা দিয়ে সমাজের মূলস্রোতে শামিল করার এই নিরন্তর প্রয়াসই আজ সর্বভারতীয় স্বীকৃতি পেল। এই সম্মান প্রতিটি পরিশ্রমী মানুষের।”

আরও পড়ুন: বাগদানের পরেই ‘কিপটে’ দেবাংশুর বাড়িতে পড়ল কার্তিক, আবদার বিশেষ মেনুর

মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন যে, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর দিশানির্দেশ এবং কেন্দ্রের সঙ্গে নিবিড় সমন্বয়ের ফলেই জনকল্যাণমূলক প্রকল্পের সুফল আজ মানুষের দোরগোড়ায় পৌঁছচ্ছে। দুর্গাপুর পৌর নিগম এবং নগরোন্নয়ন দপ্তরের সকল আধিকারিক ও কর্মীদের আন্তরিক অভিনন্দন। সুশাসন ও স্বচ্ছতার পথে এ এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”

কবে হবে এই অনুষ্ঠান?

জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর, শুক্রবার, নয়াদিল্লির ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত হবে এই ‘স্বনিধি সম্মান অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান। সকাল ১১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্য ও বিভিন্ন পুরসভা মিলিয়ে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এবং যে সকল মনোনীত প্রতিনিধি যাচ্ছেন তাঁদের নাম আগামী ১৭ নভেম্বরের মধ্যে নথিভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে, তারকেশ্বরের পর দুর্গাপুরের এই কেন্দ্রীয় স্বীকৃতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন ক্ষেত্রে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রাপ্তি।

google button