“যত তাড়াতাড়ি সম্ভব বাংলা ছেড়ে চলে যান” কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: ইতিমধ্যেই রাজ্যে বিজেপি সরকার আসার পর ধর্ষণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এনকাউন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ৫। ‘সকালে জমা বিকালে খরচ’ এই প্রতিশ্রুতি সরকার গঠনের আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সম্প্রতি তিনি অপরাধী ও ধর্ষকদের কঠোরভাবে সতর্ক করে বলেছেন বিজেপি সরকার মাদক ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং এই ধরনের লোকরা রাজ্য ছেড়ে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

অপরাধীদের নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিম মেদিনীপুর থেকে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি থাকবে। গুন্ডামিতে লিপ্ত হবেন না। পুলিশের দিকে কখনও গুলি চালাবেন না। এর পরিণতি হবে খুব ভয়াবহ। আইনশৃঙ্খলার সঙ্গে ছিনিমিনি খেলবেন না। এর পরিণতি মোটেও ভালো হবে না। শিশুদের নির্যাতন বা হত্যা করবেন না। এর পরিণতি হবে ভয়াবহ। রাজ্যের কোনও অংশে যদি এখনও কোনও গুণ্ডা বা ধর্ষক লুকিয়ে থাকে, আমি তাকে স্পষ্ট বার্তা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব বাংলা ছেড়ে চলে যান। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, বীরভূমে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঠিক একদিন পরই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শান্তিনিকেতনে বিশ্বজিৎ দাস নামে এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালান অভিযুক্ত রতন শেখ। পাল্টা পুলিশের গুলিতে এনকাউন্টার হয় ওই ব্যক্তি। মে মাসে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটি পঞ্চম ঘটনা। এমনকি তাঁর বিরুদ্ধে প্রায় ৩৫টি মামলা ছিল বলেই খবর।

আরও পড়ুন: তারকেশ্বরের পর এবার দুর্গাপুরের জয়জয়কার, কেন্দ্রীয় স্বীকৃতি পাচ্ছে শিল্পনগরী

তবে পুলিশের এই এনকাউন্টার নিয়ে বিরোধী দলগুলি একাধিক প্রশ্ন তুলছে। তাদের দাবি, বিজেপি সরকারের পুলিশ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। অন্যদিকে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ শুধুমাত্র আত্মরক্ষার্থে অভিযুক্তের উপর গুলি চালিয়েছিল। রতন শেখের দুই সহযোগী রমেশ লোহার এবং নূর হোসেন শেখকে পরে গ্রেফতার করা হয়েছে। এমনকি ওই অভিযুক্তকে বীরভূমের নানুর এলাকার চারকল গ্রামের একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেই খবর। সেখানে পুলিশ যখন পুরো অভিযানটির ভিডিও রেকর্ড করা শুরু করে, তখন শেখ তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয় সে।

google button