সহেলি মিত্র, কলকাতাঃ ফের বড় অভিযোগ করলেন শিক্ষকরা। উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জেনারেল ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফারের আবেদন গ্রহণ শুরু হলেও দীর্ঘদিন ধরে বহু আবেদন নিষ্পত্তি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মাসের পর মাস অপেক্ষা করেও অনেক আবেদনকারী বদলির চূড়ান্ত নির্দেশ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরের নিজস্ব নিয়ম ও নির্দেশিকায় নির্ধারিত সময়সীমা কার্যকর করার দাবি জানিয়ে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
উৎসশ্রী পোর্টাল নিয়ে বড় অভিযোগ শিক্ষক মহলের
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের (SUA) সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই দাবিতে স্কুল শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা কমিশনার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিদের কাছে আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, বদলির আবেদন গ্রহণ করাই প্রশাসনের একমাত্র দায়িত্ব নয়, নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদন নিষ্পত্তি করে কার্যকরী নির্দেশ জারি করাও জরুরি।
বদলির আবেদন নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা
স্মারকলিপিতে উৎসশ্রী FAQ (১ সেপ্টেম্বর ২০২১) উল্লেখ করে বলা হয়েছে, বিভিন্ন প্রশাসনিক স্তরে আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সেই অনুযায়ী SI এবং HOI-এর জন্য ১৪ দিন, DI (Secondary) এবং DPSC-এর জন্য ১৪ দিন, SSC-এর জন্য ২১ দিন, WBBPE-এর জন্য ৭ দিন এবং WBBSE-এর জন্য ১ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে।
আরও পড়ুনঃ ১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান! বাংলা, অন্ধ্র, ওড়িশায় বড় প্রভাবের আশঙ্কা
পাশাপাশি General Transfer Rules, 2015-এর ২০২১ সালের সংশোধনী এবং ২১ ডিসেম্বর ২০২১-এর Notification No. 1122-SE/S অনুযায়ী জেনারেল ট্রান্সফারের আবেদন নিষ্পত্তির সময়সীমার কথাও তুলে ধরা হয়েছে। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের Mutual Transfer Rules, 2012-এর Rule 4(4), 4(6) ও 4(9) উল্লেখ করা হয়েছে। সেখানে Hearing Committee-র রিপোর্টের জন্য ৩০ দিন, Central Commission-এর সুপারিশের জন্য তিন মাস এবং রিপোর্ট পাওয়ার পর সুপারিশ জানানোর জন্য ৩০ দিনের সময়সীমার কথা বলা হয়েছে। এছাড়াও ১৭ জুন ২০২৫-এর Memo No. 430-Sc/G/DSE-18099/5/2022-DP SEC-DSE অনুযায়ী অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়ার নির্দেশিকার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ রয়েছে।
মূল দাবি কী কী?
স্মারকলিপিতে উৎসশ্রী পোর্টালে জমা পড়ে থাকা সমস্ত জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি আবেদন কোন প্রশাসনিক স্তরে কতদিন ধরে আটকে রয়েছে, তা জানাতে স্বচ্ছ অনলাইন স্ট্যাটাস চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়াও সরকারি নির্দেশিকায় নির্ধারিত সময়সীমা কঠোরভাবে কার্যকর করা, অযৌক্তিক বিলম্বের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা এবং কোনও আবেদন প্রত্যাখ্যান করা হলে তার নির্দিষ্ট কারণ আবেদনকারীকে জানানোর দাবি উঠেছে।
দীর্ঘদিন ধরে অপেক্ষারত যোগ্য আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে দ্রুত বদলির নির্দেশ জারি করার কথাও বলা হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের দাবি, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও সময়বদ্ধ বদলি ব্যবস্থা কার্যকর করতে হবে। সংগঠনের বক্তব্য, শিক্ষা দফতর নিজেই যদি নিজেদের তৈরি নিয়ম ও সময়সীমা কার্যকর না করে, তাহলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠবে।










