প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রাপালা দেখতে গিয়েই ঘটে গেল বড় অঘটন, বন্ধুত্বের সম্পর্ককে হাতিয়ার করেই এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পুরুলিয়ায় (Purulia)। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়। ইতিমধ্যেই শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৬ জন অভিযুক্তকে (Purulia Gang Rape) গ্রেফতার করেছে। এদিকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত রবিবার, পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার অন্তর্গত মাজারামুড়া গ্রামে এক ১৭ বছর বয়সী আদিবাসী নাবালিকা যাত্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। অভিযোগ, বেশি রাত হয়ে যাওয়ায় সেখানে এক পূর্ব পরিচিত যুবক ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে সঙ্গে নিয়ে যাচ্ছিল। ওইদিন রাতে ওই যুবকের সঙ্গে আরও ৫ জন ছিল। তারপরেই ঘটল অঘটন। এক গভীর জঙ্গলে টানতে টানতে নাবালিকাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করল ওই ৬ অভিযুক্ত।
গ্রেফতার ৬ অভিযুক্ত
বাড়িতে ফিরে পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়ে ওই নির্যাতিতা। সঙ্গে সঙ্গে আশেপাশের স্থানীয়দের জানানো হয় সম্পূর্ণ বিষয়টি। এরপর গতকাল, সোমবার রাতে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় এলাকায় অভিযুক্তদের খোঁজ খবর নিতেই এক এক করে ৬ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার, তাদেরকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করানো হয়েছে। অন্যদিকে নির্যাতিতার কিছু মেডিকেল টেস্ট করানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: তারকেশ্বরের পর এবার দুর্গাপুরের জয়জয়কার, কেন্দ্রীয় স্বীকৃতি পাচ্ছে শিল্পনগরী
আদিবাসী নাবালিকার সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে একইভাবে গণধর্ষণের শিকার হয়েছে ঝাড়খণ্ডের দুই আদিবাসী নাবালিকা। ঘটনাটি ঘটেছে গিরিডিহ জেলায়। মহিলা পুলিশের তরফে ইতিমধ্যেই দুই নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশের একটি টিম। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।










