‘খাওয়ার সময় মা বাবার কোলে বসত!’ সোনিয়া-রাজীবের অজানা কথা শোনালেন রাহুল গান্ধী

Published:

Rahul Gandhi

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’। তবে সেই আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এবার রাহুল গান্ধী (Rahul Gandhi) তাঁর শৈশবের বেশ কিছু স্মৃতি তুলে ধরলেন। যেখানে তিনি তাঁর বাবা-মা একে অপরের কতটা ঘনিষ্ঠ ছিলেন তার জলজ্যান্ত উদাহরণ দিয়েছেন। একটি বিশেষ স্মৃতির কথা স্মরণ করিয়ে রাহুল গান্ধী বলেন যে খাওয়ার সময় তাঁর মা অর্থাৎ সোনিয়া গান্ধী তাঁর বাবা রাজীব গান্ধীর কোলে বসতেন, যা বড় হওয়ার সময় তাঁর কাছে সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় বলেই মনে হতো। রাহুলের এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ট্রোল।

সোনিয়া এবং রাজীব গান্ধীকে নিয়ে মন্তব্য রাহুল গান্ধী

এদিন ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল বলেন, “আমি ভাবতাম এটা একটা স্বাভাবিক ব্যাপার।” এমনকি কেন তাঁর বন্ধুদের বাবা-মায়েরা খাওয়ার সময় একইরকম আচরণ করতেন না তাও বুঝতে তিনি হিমশিম খেতেন বলে দাবি করেন। এই ঘটনার কথা স্মরণ করে কংগ্রেস নেতা বলেন, পারিবারিক খাবারের সময় প্রায়ই দেখা যেত তাঁর বাবা, মাকে কোলে নিয়ে বসে আছেন। আর রাহুলের কাছে এটা ছিল দৈনন্দিন পারিবারিক জীবনেরই একটি অংশ।

তবে বন্ধুদের বাড়িতে যাওয়া শুরু করার পর তাঁর ধারণা সম্পূর্ণ বদলে যায়। তিনি লক্ষ্য করেন যে তাঁদের বাবা-মায়েরা একই সাথে এভাবে বসে খাবার খান না। এমনকি তিনি বন্ধুদের জিজ্ঞাসা করতে শুরু করেন যে তাঁদের মায়েরা কেন বাবার কোলে বসেন না? রাহুল বলেন, সোনিয়া আর রাজীব গান্ধীর মধ্যে এই ধরনের সম্পর্ক দেখেই তিনি বড় হয়েছেন। তিনি একটি সহজ কিন্তু আবেগঘন মন্তব্যের মাধ্যমেই তাঁদের বন্ধনের বর্ণনা দেন। রাহুলের কথায়, “তিনি ছিলেন আমার বাবার, আর আমার বাবা ছিলেন তাঁর।”

আরও পড়ুন: “যত তাড়াতাড়ি সম্ভব বাংলা ছেড়ে চলে যান” কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

এদিকে কংগ্রেস নেতা আরও বলেন যে তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল ক্যামব্রিজের ভার্সিটি রেস্তোরাঁয়। সেখানে তাঁদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল। বহু বছর কেমব্রিজে পড়াশোনা করার সময় রাহুল সেই একই রাস্তায় গিয়েছিলেন। রাহুল বলেন, তিনি তাঁর প্রেমিকাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। কারণ, তিনি সেই জায়গাটি দেখতে চেয়েছিলেন। আর সেখানেই তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল। এছাড়াও স্মৃতিচারণের বাইরে গিয়ে রাহুল আবেগাপ্লুত হয়ে তিনি বলেন কীভাবে তাঁর ঠাকুমা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর মৃত্যু তাঁর মায়ের জীবনকে বদলে দিয়েছিল। তিনি বলেন, তাঁর পরিবার এমন দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছিল, যাঁরা তাঁদের জীবনের ভিত্তি ছিল।

google button