অন্নপূর্ণার যোজনায় কাটমানি! বিজেপি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Published:

BJP (1)

আনিষা চৌধুরী, কলকাতা: সম্প্রতি মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা অভিজিৎ করণ। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন অভিযোগ। এবার এলাকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকায় নজর বিজেপি (Bhartiya Janata Party) কর্মী পার্থ সাহার (Partha Saha)! কাটমানি না দিলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজপুর-সোনারপুর পুরসভার বোড়াল এলাকার এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

কী বলছেন অভিযুক্ত বিজেপি কর্মী?

অভিযোগ, অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পরই তাঁদের কাছে টাকা দাবি করেন পার্থ সাহা। কখনও মন্দিরের পাড় বাঁধানোর নাম করে ৫০০ টাকা, আবার কখনও পুজো মণ্ডপের জন্য এক থেকে দেড় হাজার টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। একাধিক মহিলার দাবি, টাকা পাওয়ার পর তাঁদের কাছে এসে টাকা চেয়েছেন ওই বিজেপি কর্মী। এমনকি, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়টিকেও টাকা চাওয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পার্থ সাহা। তাঁর বক্তব্য, “যে বা যারা অভিযোগ করেছে বা বাইট দিচ্ছে, আমি তাদের কারও কাছ থেকে টাকা চাইনি। এমনকি, তাদের সবার মুখও আমি চিনি না। আর অন্নপূর্ণা ভাণ্ডার করে দেব বলে এরকম কোনও টাকা চাওয়া হয়নি। আমি জীবনে কোনও রাজনৈতিক দল থেকে এক টাকা নিই না। এটা আমার রেকর্ড। যারা যারা পেয়েছ, তাদের ইচ্ছে হলে দেবে। যারা কমিটমেন্ট করেছে, তাদেরকে বলা হয়েছে, তোমরা তো কথা দিয়েছিলে। আর বিল দিয়ে টাকা নেওয়া হয়েছে। আমি পাড়ায় কোনও রাজনীতি দেখি না। আর আমার সেরকম আর্থিক অবস্থা না, তাও দলের আমি চার আনা পয়সা নিইনি।”

অন্যদিকে, অভিযোগকারিণীদের বক্তব্যেও উঠে এসেছে টাকা চাওয়ার একাধিক ঘটনা। এক মহিলার অভিযোগ, “যেদিন অন্নপূর্ণা যোজনায় আমাদের প্রথম টাকা ঢুকেছে, সেদিন রাতে উনি এসে বলেন যে টাকা ঢুকেছে? আমি বললাম, হ্যাঁ। তাহলে ৫০০ টাকা দিতে হবে। ওখানে, মন্দিরে পাড় বাঁধাবে। তাই ৫০০ টাকা দিতে হবে। পার্থ দা (বিজেপি কর্মী পার্থ সাহা) বললেন। বিজেপি কর্মী। দেখলাম, অনেকে দিয়েছেন। তারপরে আমি দিয়েছিলাম।” অপর এক মহিলার অভিযোগ, “আমাকে বললেন, বউদি পেয়েছেন তো? দেখেছেন তো করিয়ে দিলাম। আমি আর কোনও উত্তর দিইনি। তখন বললেন, সিস্টেমটা জানেন তো কী? আমি তখন, থম মেরে দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, কী দাদা কী সিস্টেম? সিস্টেম হল ওটাই, আপনি কিন্তু আমাদের পুজো মণ্ডপের জন্য এক-দেড় হাজার টাকা দেবেন। অন্নপূর্ণা যোজনার টাকা। আমাকে বললেন, পেয়েছেন। আমি বললাম, হ্যাঁ পঞ্চমীর দিন পেয়েছি। আমি হাসছি। বলছেন, দেবেন কিন্তু। যে বাড়িতে রান্না করি, সেই বাড়ির দাদাকে বললাম, দিদিকে বললাম। ওঁরা বললেন, বলবি উপর মহলে জিজ্ঞাসা করি যে সিস্টেমটা কি এটাই? তাঁরা যদি বলেন তাহলে দেব। পার্থ দা টাকা চেয়েছিলেন। বিজেপি কর্মী।”

আরও পড়ুন: ভরদুপুরে বড় দুর্ঘটনা, ভাতারে ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা SBSTC বাসের, আহত ২৫

এই ঘটনায় দলের অন্দরেও অস্বস্তি বেড়েছে। সোনারপুরের বিজেপির মণ্ডল সহ-সভাপতি বরুণ হালদার বলেন, “আমাদেরই রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে স্থানীয় মহিলাদের কাছ থেকে টাকা পাইয়ে দেওয়ার পর তাঁদের কাছ থেকে দেড় হাজার টাকা চাওয়া হচ্ছে। কখনও ইনস্টলমেন্টে, কখনও একমাসে চাওয়া হয়েছে। জোরপূর্বকভাবে ওঁদের কাছ থেকে নেওয়া হচ্ছে। আমাদেরই পার্থ সাহা বলে একজন ব্যক্তি নিচ্ছেন। যিনি বারবার বলে থাকেন আমি রাজ্য কমিটির সঙ্গে যুক্ত আছি। আমার সঙ্গে বড় বড় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ আছে।” ইতিমধ্যেই অভিযুক্ত পার্থ সাহার বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

google button