আনিষা চৌধুরী, কলকাতা: প্রতিটি মধ্যবিত্ত পরিবারের কাছেই তুলনামূলক সস্তা ও সহজলভ্য প্রোটিনের অন্যতম উৎস হলো মুরগির ডিম (Egg)। জলখাবার থেকে মধ্যাহ্নভোজ, প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম এবং মুরগির মাংস (Chicken) অত্যন্ত পরিচিত দুটি খাবার। কিন্তু বর্তমানে এই দুই খাদ্যপণ্যের (Poultry) দাম যে হারে বাড়ছে, তাতে আগামী দিনে বহু মানুষের কাছেই সেগুলি কিনে খাওয়া হয়তো আর সম্ভব হবে না। আর এর পিছনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভুট্টার (Maize) জোগানে টান।
কেন বাড়ছে পোল্ট্রির দাম?
মুরগির খাবার তৈরির অন্যতম প্রধান উপাদান হলো ভুট্টা। এতদিন মূলত প্রাণীখাদ্য এবং স্টার্চ শিল্পে ভুট্টার ব্যবহার বেশি হলেও বর্তমানে ইথানল উৎপাদনেও বিপুল পরিমাণে এই শস্য ব্যবহার করা হচ্ছে। পেট্রলে ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করতে জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলির কাছে ভুট্টার চাহিদা বেড়েছে। ফলে একই শস্যের জন্য পোল্ট্রি শিল্প এবং ইথানল উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। চাহিদার তুলনায় জোগান কম থাকায় বাজারে ভুট্টার দামও বাড়ছে।
এর সরাসরি প্রভাব পড়ছে পোল্ট্রি ব্যবসায়ীদের উপর। মুরগির খাবার তৈরির খরচ বেড়ে যাওয়ায় ডিম পাড়া মুরগি এবং ব্রয়লার মুরগি, দুই ক্ষেত্রেই উৎপাদন খরচ বাড়ছে। ফলে খামার মালিকদের লাভের অঙ্ক কমছে। অন্যদিকে, বাড়তি খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিম ও মুরগির মাংসের দাম না বাড়াতে পারলে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিকল্প হিসেবে বাজরা, জোয়ার, ভাঙা চাল এবং অন্যান্য শস্য ব্যবহারের চেষ্টা হলেও সেগুলি দিয়ে সম্পূর্ণভাবে ভুট্টার ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না।
এদিকে, ভুট্টার উৎপাদন নিয়েও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বর্ষার ঘাটতির কারণে দেশে ভুট্টার উৎপাদন প্রায় ১৫ শতাংশ কমেছে। অন্যদিকে, কম্পাউন্ড ফিড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সুমিত সুরেকার হিসেব অনুযায়ী, চলতি মরশুমে দেশের খরিফ ভুট্টার উৎপাদন গত বছরের ২৫ মিলিয়ন টন থেকে কমে প্রায় ২৩.৫ মিলিয়ন টনে দাঁড়াতে পারে। তাঁর আশঙ্কা, রবি মরশুমের ভুট্টা উৎপাদনেও ঘাটতি দেখা দিতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভুট্টার বিকল্প হিসেবে বাজরা, জোয়ার, ভাঙা চাল-সহ কয়েকটি উপাদান ব্যবহারের চেষ্টা করা হলেও, ‘বর্তমানে সম্পূর্ণভাবে ভুট্টার জায়গা নেওয়া অসম্ভব’। তাঁর মতে, ভুট্টার জোগান কমে যাওয়া এবং ইথানল শিল্পের ক্রমবর্ধমান চাহিদা একসঙ্গে পশুখাদ্য শিল্পের উপর চাপ তৈরি করছে।
আরও পড়ুন: এক লটারির টিকিটেই বাজিমাত, রাতারাতি কোটিপতি মুর্শিদাবাদের গরিব রাজমিস্ত্রি
শুধু পোল্ট্রি শিল্প নয়, এর প্রভাব দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাতেও পড়তে পারে। ২০২৫-২৬ ইথানল সরবরাহ বর্ষে ইথানল উৎপাদনে ভুট্টার অবদান বেড়ে প্রায় ৩৭ শতাংশ হয়েছে, যেখানে ২০২১-২২ সালে এই অবদান ছিল শূন্য। অন্যদিকে, পোল্ট্রি উৎপাদনের মোট খরচের প্রায় ৬০-৭০ শতাংশই ব্যয় হয় পশুখাদ্যের পিছনে। ফলে ভুট্টার মতো গুরুত্বপূর্ণ উপাদানের দাম বাড়লে তার প্রভাব গোটা শিল্পের উপর পড়ে। ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতির দাবি, দেশে বর্তমানে ৮০ লক্ষ টন ভুট্টার ঘাটতি রয়েছে। অবিলম্বে জোগান বাড়ানোর ব্যবস্থা না হলে ভবিষ্যতে চিকেন উৎপাদনেও ঘাটতি দেখা দিতে পারে। তাই ডিম ও মুরগির মাংসের উৎপাদন এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছেন পোল্ট্রি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।










