অনন্যা সরকার, বীরভূম: প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গায় রেশনের (Rationing) চাল ও গমের ওজনে কারচুপি কিংবা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সম্প্রতি বীরভূমের এক গ্রামের বাসিন্দাদের কাছ থেকে এরকম অভিযোগ শোনার পর, রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtaniya) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। সরেজমিনে তদন্তের পর ওই অভিযুক্ত রেশন ডিলারকে (Ration Dealer) সাসপেন্ড করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
আকস্মিক পরিদর্শনে গিয়ে খাদ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ
মঙ্গলবার বীরভূম জেলায় হঠাৎ পরিদর্শনে গিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে পৌঁছান। তিনি বেশ কয়েকটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনার সময় স্থানীয় রেশন ডিলার দেবাশিস গোস্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে।
রেশন উপভোক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাঁরা তাঁদের প্রাপ্য চাল ও গম থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা আরও জানান, প্রতিবাদ করলেই ডিলার তাঁদের সাথে দুর্ব্যবহার করতেন। গ্রামবাসীদের অভিযোগ শুনে খাদ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানান, ওই অভিযুক্ত ডিলারকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করা হচ্ছে। এছাড়াও অশোক কীর্তনিয়া ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন।
আরও পড়ুন: অন্নপূর্ণার যোজনায় কাটমানি! বিজেপি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
পরিদর্শনের সময় খাদ্যমন্ত্রী বোলপুরে খাদ্য দফতরের বিভিন্ন গুদামও পরিদর্শন করেন। তিনি সেখানে মজুত থাকা পণ্যের পরিমাণ, কীভাবে পণ্য সংরক্ষিত হচ্ছে এবং খাদ্যশস্যের গুণমান ভালোভাবে কাজ যাচাই করা দেখেন। খাদ্য বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন খাদ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রেশন বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম বা গ্রাহক বঞ্চনার ঘটনা ধরা পড়লে প্রশাসন শুধু কাগজ-কলমে তদন্ত করে ক্ষান্ত হবে না, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি রেশন উপভোক্তাদের আশ্বাস দেন যে, ভবিষ্যতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে এবং কোনো অভিযোগ প্রমাণিত হলেই অপরাধীর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।










