৪ হাজার টাকার লোভ! ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে ধরা চন্দ্রকোনার ASI

Published:

police

আনিষা চৌধুরী, কলকাতা: পুলিশের দায়িত্ব সাধারণ মানুষকে অপরাধের পথ থেকে সরিয়ে সঠিক পথে পরিচালিত করা। অথচ সেই রক্ষকের বিরুদ্ধেই উঠছে দুর্নীতির অভিযোগ! আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁরাই যদি অসৎ পথে হাঁটেন, তাহলে সাধারণ মানুষ ভরসা রাখবে কার উপর? এবার ঘুষ নেওয়ার অভিযোগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে ধরা পড়লেন চন্দ্রকোনা থানার এক ASI (Assistant Sub-Inspector)। অভিযোগ, ৪ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ৫১ বছর বয়সি ওই পুলিশ (Police) আধিকারিক।

কেন ঘুষ নিচ্ছিলেন তিনি?

ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার। জানা গিয়েছে, চন্দ্রকোনা থানায় দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন ওই ASI। অভিযোগকারী বিশ্বজিৎ ভুঁইয়ার দাবি, আদালতে মামলার CD জমা দেওয়ার জন্য তাঁর কাছে টাকা চেয়েছিলেন ওই পুলিশকর্মী মোহন সামন্ত। অভিযোগকারীর ভগ্নিপতি ওই মামলার অভিযুক্ত ছিলেন। সেই মামলার সূত্রেই ৪ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে ASI-র বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। পরিকল্পনামাফিক ফাঁদ পাতে ACB। অভিযোগ, চন্দ্রকোনা থানার কাছেই রাস্তার ধারে টাকা নেওয়ার সময় ওই ASI-কে হাতেনাতে ধরে ফেলেন ACB আধিকারিকরা। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কী কারণে এবং কোন পরিস্থিতিতে ওই টাকা চাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এখন প্রশ্ন, এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ কী? আপাতত অভিযুক্ত ASI-কে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ঘুষ চাওয়ার অভিযোগের নেপথ্যে অন্য কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। প্রশাসনের তরফেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: দমদমের স্কুলে ভয়ানক কাণ্ড! চারতলা থেকে ঝাঁপ পড়ুয়ার

তবে রাজ্যে সরকারি কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে এই প্রথম ব্যবস্থা নেওয়া হল, এমনটা নয়। এর আগেও একাধিক ঘটনায় দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়েছেন সরকারি আধিকারিকরা। গত অগস্টে হাওড়ার বাঁটরা থানার এক সাব-ইন্সপেক্টরকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে ACB। অন্যদিকে, সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য ১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ারকেও গ্রেফতার করা হয়।

google button